চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২১ মিনিট আগে
আপডেট : ৭ মিনিট আগে
মঙ্গলবার কর্ণফুলী উপজেলায় সফরকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ‘নাগরিক সেবায় গাফিলতি নয়’ এমন মন্তব্য করেন জেলা প্রশাসক। ছবি:প্রতিদিনের বাংলাদেশ
নাগরিক সেবায় গাফিলতি না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দাপ্তরিক কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন চসিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার কর্ণফুলী
উপজেলায় সফরকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ
নির্দেশ দেন।
পরে জেলা প্রশাসক কর্ণফুলী উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে নামজারি ও
ভূমিসেবা দিতে বিলম্ব হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন তিনি। নাগরিকদের ভোগান্তি
কমাতে নিয়মিত বিবিধ মামলার শুনানি গ্রহণের নির্দেশও দেন জেলা প্রশাসক।
এদিন জেলা প্রশাসক উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ‘কর্ণফুলী
বিতর্ক উৎসব-২০২৬’-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলার
২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল ‘মেধা পাচার রোধে
শিক্ষাব্যবস্থার সংস্কারের চেয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো অধিক ফলপ্রসূ’।
চূড়ান্ত পর্বে দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয় বিজয়ী এবং আজিম-হাকিম স্কুল ও কলেজ
রানারআপ হয়।
অনুষ্ঠানে বক্তব্যে জাহিদুল ইসলাম মিঞা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন
নয়, শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা। অর্জিত
জ্ঞান ও দক্ষতা মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে না
পারলে, বড়দের সম্মান ও ছোটদের ভালোবাসতে না পারলে এবং সমাজে নিরাপত্তা তৈরি করতে
না পারলে বড় ডিগ্রির কোনো মূল্য নেই।
শিক্ষার্থীদের যুক্তি ও উপস্থাপনার প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, উপজেলা
পর্যায়ের শিক্ষার্থীদের এমন উচ্চমানের বিতর্ক তাকে অভিভূত করেছে। শুধু পাঠ্যবইয়ে
সীমাবদ্ধ থাকলে চলবে না। পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে, তাই জ্ঞান ও দক্ষতা নিয়মিত
উন্নত করতে হবে। প্রযুক্তির অগ্রগতিতে এখন যোগ্যতা থাকলে বিশ্বের যেকোনো প্রান্তে
বসে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য কাজ করা সম্ভব।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ড্রোন গবেষণা দল ‘টিম
স্টারাপ্টর’-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগের কথা উল্লেখ করে
জেলা প্রশাসক বলেন, তরুণরা প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে
নিজেদের সক্ষমতা তুলে ধরছেন।
শিক্ষকদের
আদর্শ ও অনুকরণীয় হওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, তা হলে শিক্ষার্থীরাও সঠিক পথে
চলবে। জয়-পরাজয়ের চেয়ে প্রতিযোগিতা থেকে পাওয়া অভিজ্ঞতা বেশি গুরুত্বপূর্ণ
উল্লেখ করে সব উপজেলায় এ ধরনের সৃজনশীল আয়োজনের আহ্বান জানান তিনি।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে
সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া সফরের
অংশ হিসেবে চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে একটি পাঠাগারের উদ্বোধন করেন জেলা
প্রশাসক।