× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলে বেঁধে ঘোরানো হলো গ্রাম

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ মিনিট আগে

আপডেট : ১২ মিনিট আগে

চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলে বেঁধে ঘোরানো হলো গ্রাম

পিরোজপুরের ইন্দুরকানীতে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেওয়ার অভিযোগে ৭০ বছর বয়সী বৃদ্ধকে মারধরের পর শিকলে বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে।

এ সময় তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় সুপারি ও কলা। সোমবার উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের মধ্য কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন মীর। মঙ্গলবার বিকালে ঘটনাটি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রব।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, রবিবার দিবাগত রাতে প্রতিবেশী হাফেজ আব্দুল হালিম ও আব্দুল জব্বার হাওলাদারের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেন রুহুল আমিন। এ ঘটনায় পরদিন সোমবার কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করেন। পরে তার কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করা হয়। গলায় ঝুলিয়ে দেওয়া হয় কলা ও সুপারি। এরপর তাকে গ্রাম ঘোরানো হয়।

এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অধিকাংশ ব্যবহারকারী ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তবে কেউ কেউ এর বিপরীতেও মন্তব্য করেছেন।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী কাওসার আলম বলেন, “রুহুল আমিন পেশাদার চোর নন। তার কোনো ছেলে নেই। বৃদ্ধ বয়সে অভাবের তাড়নায় তিনি এমন কাজ করে থাকতে পারেন। তার ঘরের অবস্থাও ভালো নয়।”

জনপ্রতিনিধিদের ওই বৃদ্ধের খোঁজখবর নেওয়ার পাশাপাশ খাবারের ব্যবস্থা করা উচিত ছিলো বলেও উল্লেখ করেন তিনি। তার আক্ষেপ, এটা না করে চুরির অভিযোগে তাকে হেনস্তা করা হয়েছে। 

অভিযোগের বিষয়ে নাসির উদ্দীন সাংবাদিকদের কাছে দাবি করেন,ওই বৃদ্ধ গ্রামে প্রায়ই এ ধরনের চুরি করেন। তাকে এলাকাবাসী কয়েকবার ধরে থানায় দিয়েছেন। তিনি নিজে সুপারিশ করে তাকে থানা থেকে ছাড়িয়ে এনেছেন। সোমবার চুরি করে ধরা পড়ার পর উৎসুক জনতার দাবিতে স্থানীয় ব্যক্তিরা তাকে গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরান।

ইউপি সদস্য আব্দুর রব বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে কেউ তার কাছে অভিযোগ নিয়ে না আসায় বিষয়টি তেমন গুরুত্ব দেননি। হতদরিদ্র হওয়ায় বৃদ্ধ মাঝেমধ্যে এমন কাজ করেন। তাদের সহযোগিতা করার সামর্থ্যও সীমিত। বছরে মাত্র দুবার ১০ কেজি করে চাল পান তারা।

ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। মাঝেমধ্যে তিনি মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। তবে সামান্য অপরাধে তার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা ঠিক হয়নি। ঘটনা জানার পর তার বাড়িতে কিছু খাবার পাঠানো হয়েছে এবং ভবিষ্যতেও তাকে সহায়তা করা হবে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান বলেন, বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর ভিডিও তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা