নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩৪ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ী ও পরিবারের পাশে দাঁড়িয়েছে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবে ঢেউটিন, চাল, শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়।
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠানকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং চেকের মাধ্যমে ৬ হাজার টাকা করে দেওয়া হয়।

এ কর্মসূচির আওতায় একটি মন্দিরসহ মোট ২২টি ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের জন্য ৪৪ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে।
অন্যদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল ও শীতবস্ত্র দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তায় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, রুদ্রপুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী ও পরিবারগুলো সর্বস্ব হারিয়েছে। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সার্বক্ষণিক ক্ষতিগ্রস্তদের খোঁজখবর রাখছেন। তাঁদের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবে প্রতিমন্ত্রী ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দিবাগত রাতে গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান, দুটি বসতঘর ও একটি মন্দির সম্পূর্ণ পুড়ে যায়। এতে ব্যবসায়ী ও পরিবারগুলো সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েন। কেউ বসতঘর হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।