চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ মিনিট আগে
বেতন-ভাতা বৃদ্ধি, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বন্দরের সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বেতন-ভাতা বৃদ্ধি, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বন্দরের সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। এতে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) কার্যক্রম সাড়ে তিন ঘণ্টার বেশি সময় বন্ধ থাকে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে শ্রমিকেরা ক্রেন পরিচালনা বন্ধ রেখে জেটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এতে দুই টার্মিনালে জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার নামানো এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কাজ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বন্দর থেকে কনটেইনার ডেলিভারি কার্যক্রমও ব্যাহত হয়। এতে কনটেইনার নিতে এসে ভোগান্তিতে পড়েন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারীরা।
দুপুর ১টা ২০ মিনিটে বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, আন্দোলনকারী শ্রমিকেরা কাজে ফিরেছেন। বর্তমানে এনসিটি ও সিসিটি- দুই টার্মিনালেই কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম সচল রয়েছে।
শ্রমিকদের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের বৈঠক চলছে। বৈঠক শেষে বিস্তারিত জানানো যাবে”।
আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পরিবর্তনের প্রক্রিয়ায় তাঁদের দীর্ঘদিনের চাকরির পাওনা, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা অনিশ্চিত হয়ে পড়েছে। এসব পাওনা নিশ্চিত করার পাশাপাশি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে তাঁরা কর্মবিরতিতে যান।
বন্দরে কর্মরত কাস্টমস হাউস ও সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, সকাল ৯টায় শ্রমিকেরা কর্মবিরতি শুরু করলে টার্মিনাল দুটিতে কনটেইনার ওঠানামা ও ডেলিভারি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে সাময়িক অচলাবস্থা তৈরি হয়। তবে দুপুর ১টার দিকে শ্রমিকেরা কাজে ফেরায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।