গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ মিনিট আগে
ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শ্রমিকেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ন্যূনতম মজুরি নিয়ে মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের খবরে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল ৯টার দিকে বাইপাস এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বাইপাস, বোর্ডবাজার, ভুশিরমিল ও সালনা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, ইসলামপুর ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে বাইপাসের চারটি সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। নাওজোড় এলাকায়ও সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল সাড়ে দশটা পর্যন্ত মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ ছিল। এতে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে শ্রমিক আন্দোলনের জেরে মঙ্গলবারও গাজীপুরের ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন। তিনি জানান, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনের কারণে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সকালে ভোগড়া এলাকায় পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
পুলিশ সুপার আরও জানান, কারখানা থেকে শ্রমিকেরা দলবদ্ধভাবে ফিরে যাওয়ার সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারা সড়কের পাশে ও বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন। পরে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।