জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিবেদক
প্রকাশ : ১০ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মঙ্গলবার ভোরে তেলবাহী ট্রেনে ডাকাতি হয়। ছবি: ভিডিও থেকে
চুয়াডাঙ্গার দর্শনায় ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে থাকা খালি বিটিও ট্যাংকারবাহী ট্রেনের চালক ও তার সহকারীকে (লোকোমাস্টার) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তাদের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেয় তারা।
মঙ্গলবার ভোরে দর্শনা দুধপাথিলা মুরগির ফার্ম এলাকা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেনটি ক্রসিংয়ের জন্য দর্শনার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় দাঁড়িয়েছিল। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনের লোকোমটটিভের কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরবর্তীতে লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাদের নিকট থেকে মোবাইল ফোন, টাকা-পয়সা ও পরনের কাপড়চোপড়ও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
হামলার পর আহত অবস্থাতেই চালক ও সহকারী চালক ট্রেনটি চালিয়ে পাশের উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বর্তমানে ট্রেনটি জীবননগর উথলী স্টেশনে অবস্থান করছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে।
আহত লোকোমাস্টার নজরুল ইসলাম বলেন, ভোরে আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা হল্ট স্টেশনের আগে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাথা কমিউটার ট্রেনের ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছিলাম ছিলাম। এসময় একদল দুর্বৃত্ত লোকোমটটিভে ঢোকার চেষ্টা করে। দরজা বন্ধ থাকায় তারা কাচ ভেঙে ভেতরে ঢুকে এলোপাতাড়ি আঘাত করে।
তিনি আরও বলেন, দুর্বৃত্তদের হামলায় আমি ও সহকারী লোকোমাস্টার আহত হই। পরে তারা আমাদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। ট্রেনটি বর্তমানে উথলী স্টেশনের লুপ লাইনে আছে। আমরা ঈশ্বরদী ফিরে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জীবননগর উথলী রেলওয়ে স্টেশন মাস্টার জানান, ঘটনার পর থেকে খালি ট্যাংকার ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে। আহত চালকেরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।
এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।