খুলনা অফিস
প্রকাশ : ৯ মিনিট আগে
খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে দিয়ে টুঙ্গিপাড়া নাম মুছে দিয়েছেন কয়েকজন যুবক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে দিয়ে টুঙ্গিপাড়া নাম মুছে দিয়েছেন কয়েকজন যুবক। সোমবার বিকাল ৪টার দিকে কেএমপির খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টা ১০ মিনিটের দিকে স্থানীয় যুবদল নেতা শাহরিয়ার হোসেন মাসুমের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক টুঙ্গিপাড়া পরিবহনের কাউন্টারের সামনে যান। প্রথমে তারা কাউন্টারে লেখা টুঙ্গিপাড়া নাম মুছে দেন। পরে সেখানে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে থাকা নামের অংশ কালো স্প্রে দিয়ে ঢেকে দেন।
কাউন্টারের টিকিট বিক্রেতা রকি হাওলাদার বলেন, বিকালে কয়েকজন যুবক এসে দাঁড়িয়ে থাকা বাসে ও কাউন্টারের সাইনবোর্ডের টুঙ্গিপাড়া নাম মুছে দিয়ে চলে গেছেন। তবে তারা কোনো ভাঙচুর বা দুর্ব্যবহার করেননি।
এ বিষয়ে খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। তবে কোনো ধরনের হঠকারী কাজ করতে নিষেধ করা হয়েছে। শাহরিয়ার হোসেন মাসুম যুবদলের কোনো পদে নেই। বিষয়টি তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, এ ধরনের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।