বিয়ানীবাজার (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ১১ মিনিট আগে
বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা ও ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও গ্র্যাজুয়েশন উপলক্ষে ‘গ্র্যাজুয়েশন কমপ্লিশন সেরিমনি’ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা ও ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও গ্র্যাজুয়েশন উপলক্ষে ‘গ্র্যাজুয়েশন কমপ্লিশন সেরিমনি’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণে সৃষ্টি হয় আনন্দঘন ও আবেগময় পরিবেশ। বিদায়ী শিক্ষার্থীরা তুলে ধরেন কলেজজীবনের নানা স্মৃতি ও অনুভূতি।
বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা ও ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থীদের সমাপনী ও গ্র্যাজুয়েশন সম্পন্ন উপলক্ষে এ সেরিমনি অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে কলেজ মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে শুরুতেই আমন্ত্রিত শিক্ষকদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।
প্রভাষক ফজলে রাব্বির সভাপতিত্বে ও শিক্ষার্থী সাব্বীর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান হেলাল ও তোফায়েল আহমদ, খণ্ডকালীন প্রভাষক মো. জহির উদ্দিন ও আহমদ রেজা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা জীবনের অর্জন ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ কর্মজীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের কলেজজীবনের স্মৃতিচারণ ও অনুভূতি তুলে ধরে বক্তব্য দেন তাহমিদা আক্তার, এমদাদ আহমদ ও সালমা বেগম।
শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রদানকালে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষক-শিক্ষার্থীদের আবেগঘন উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় স্মৃতিচারণ ও আনন্দের মিলনমেলায়।