খুলনা অফিস
প্রকাশ : ৩১ মিনিট আগে
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘নগরবাসীর মধ্যে ত্রাস সৃষ্টি কিংবা খুলনার পরিবেশ অস্থিতিশীল করতে সন্ত্রাসী গ্রুপ, দুর্বৃত্ত অথবা ফ্যাসিবাদের দোসররা খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা হামলা চালিয়ে থাকতে পারে।
এ ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পাশাপাশি কেসিসিও পৃথক তদন্ত কমিটি গঠন করবে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।’
সোমবার সকালে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঞ্জু বলেন, কেসিসি কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয়, এটি মানুষের সেবামূলক প্রতিষ্ঠান। এখানে হামলা করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। হামলার উদ্দেশ্য সম্পর্কে মঞ্জু বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে জাতীয় পর্যায়ে সংবাদ শিরোনাম হয়ে আতঙ্ক ছড়ানো কিংবা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তাদের প্রতিক্রিয়া হিসেবে এ হামলা হতে পারে। তবে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বোমাটি নগর ভবনের সিঁড়িতে না পড়ে সাধারণ মানুষের মধ্যে পড়লে প্রাণহানিসহ বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। তাই ঘটনাটিকে হালকাভাবে দেখার সুযোগ নেই।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে হামলাকারীরা নিজেরাই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে চলন্ত মোটরসাইকেল থেকে নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বোমাটি ভবনের সামনের সিঁড়িতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সিঁড়িতে আগুন ধরে গেলেও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পরে নগর ভবনের কর্মকর্তারা আগুন নিভিয়ে ফেলেন।