গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ মিনিট আগে
প্রতিকী ছবি
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ফরহাদের (৪১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত রবিবার গভীর রাতে কারাগারের হিমেল ভবনের নিচতলার সেল থেকে ওই কয়েদির মরদেহ উদ্ধার করা হয়।
ফরহাদ টাঙ্গাইল সদর উপজেলার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। সোমবার কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেল সুপার জানান, রবিবার যথাসময়ে কারাগারের কয়েদির গণনা করে লকার করা হয়। কারাগারের হিমেল ভবনের নিচতলায় টাঙ্গাইলের এক নারী ও এক পুরুষ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফরহাদ তার দুই কেস পার্টনারসহ তিনজন বন্দি ছিলেন। ওইদিন রাত ১টার দিকে তাকে সেলের জানালার মধ্যে গামছা দিয়ে ফাঁস লাগানো দেখতে পায় তার দুই কেস পার্টনার। খবর পেয়ে কারাগারের কর্মকর্তারা ওই অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ২০১৯ সালের ২৬ আগস্ট কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আসে। ফরহাদ টাঙ্গাইল থানার দুটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে কারাগারে ছিল। সে বছরখানেক ধরে তীব্র মাথাব্যথা, দৃষ্টিজনিত বিভ্রমের সমস্যাসহ কয়েকটি রোগে ভুগছিল। এর আগেও ফরহাদ একাধিকবার কারা হাসপাতালের অধীনে চিকিৎসা নিয়েছিল। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।