কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মিনিট আগে
কুমিল্লা নগরীর স্টেশন রোডে ৩২ বছর ধরে বেদখলে থাকা ৫০ কোটি টাকা মূল্যের ৩০ শতক জমি উদ্ধার করেছে কুমিল্লা জেলা পরিষদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লা নগরীর স্টেশন রোডে ৩২ বছর ধরে বেদখলে থাকা ৫০ কোটি টাকা মূল্যের ৩০ শতক জমি উদ্ধার করেছে কুমিল্লা জেলা পরিষদ। উচ্চ আদালতের রায়ের পর উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটির দখল বুঝে নিয়েছে তারা।
সোমবার সকাল থেকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে অবৈধভাবে নির্মিত প্রায় ২৩টি দোকান উচ্ছেদ করে জমিটি দখলমুক্ত করা হয়। পরে সেখানে নতুন করে সীমানাপ্রাচীর নির্মাণের মাধ্যমে জমির দখল নেয় জেলা পরিষদ।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নগরীর বিষ্ণুপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. জিয়াউল ইসলাম ৩২ বছর ধরে জেলা পরিষদের মালিকানাধীন ওই ৩০ শতক জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। জমিতে প্রায় ২৩টি দোকান নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে তিনি অর্থ আদায় করে আসছিলেন। এ জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে জেলা পরিষদের সঙ্গে জিয়াউল ইসলামের মামলা চলছিল।
সর্বশেষ গত ১০ নভেম্বর উচ্চ আদালত জেলা পরিষদের পক্ষে রায় দেন। আদালতের ওই রায়ের পরিপ্রেক্ষিতে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমির দখল বুঝে নেয় জেলা পরিষদ।
এদিকে উচ্ছেদ হওয়া দোকানের ব্যবসায়ীরা জানান, জিয়াউল ইসলাম সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছেন। এখন উচ্ছেদ অভিযানের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, উদ্ধার করা জায়গায় ব্যবসায়ীদের জন্য নতুন করে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবন নির্মাণের পর নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দেওয়া হবে।