লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৩ মিনিট আগে
লালমনিরহাটে পাচারের উদ্দেশ্যে ৪৫ বস্তা সার অন্যত্র নেওয়ার সময় এক সার ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লালমনিরহাটে পাচারের উদ্দেশ্যে তিনটি ইজিবাইকে করে ৪৫ বস্তা ডিএপি সার অন্যত্র নেওয়ার সময় এরশাদ আলী নামে এক সার ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সারসহ তিনটি ইজিবাইক জব্দ করা হয়। পরে আটকৃতকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।
সোমবার ভোরে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যবসায়ী হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর হওয়ার আগেই তিনটি ইজিবাইকে ৪৫ বস্তা ডিএপি সারবোঝাই করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী এরশাদ আলী। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা সারসহ ইজিবাইক তিনটি আটক করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনোনীতা দাস। পরে সার ও ইজিবাইকগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কীটনাশক ও সার ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইজিবাইকসহ ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়াসহ জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।