কক্সবাজার অফিস
প্রকাশ : ১১ মিনিট আগে
উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারে ব্যবহৃত ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল অভিযান চালিয়ে জব্দ করেছে বন বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারে ব্যবহৃত ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল অভিযান চালিয়ে জব্দ করেছে বন বিভাগ। এ সময় ধ্বংস করা হয় শতাধিক ফাঁদ ঘর।
সোমবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত উখিয়া উপজেলার মাছকারিয়া বিলে এ অভিযান চালানো হয় বলে জানান বন বিভাগের উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
তিনি বলেন, শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে উখিয়ার মাছকারিয়া এলাকার শাপলাবিল। বিলটিতে সুদূরপথ পাড়ি দিয়ে আসা নানা প্রজাতির পাখির বিচরণে জলাভূমিগুলোতে তৈরি হচ্ছে প্রাণচাঞ্চল্য। কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যের আড়ালেই সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি পাখি শিকারিরা। কয়েক দিন ধরে অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে শিকারির বিলের বিভিন্ন স্থানে জাল, কৃত্রিম বক ও ফাঁদ পেতে শিকারের প্রস্তুতি নিচ্ছে খবর পায় বন বিভাগের কর্মীরা। এমন পরিস্থিতিতে সোমবার সকালে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান চালায় বন বিভাগ।
রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভিযানে ঘটনাস্থলে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে মৌসুমি পাখি শিকারিরা পালিয়ে যান। পরে বিলটির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে শিকার কাজে ব্যবহৃত ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়।