× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উৎসবের আয়োজনে কাটা পড়ল কয়েক শ ঝাউগাছ

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৮ মিনিট আগে

পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে ‘কক্স কার্নিভ্যাল’-এর উৎসবের প্রস্তুতিতে কাটা হয়েছে সমুদ্রসৈকত সংলগ্ন বহু বছরের পুরনো শত শত ঝাউগাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে ‘কক্স কার্নিভ্যাল’-এর উৎসবের প্রস্তুতিতে কাটা হয়েছে সমুদ্রসৈকত সংলগ্ন বহু বছরের পুরনো শত শত ঝাউগাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে ৯০ দিনব্যাপী ‘কক্স কার্নিভ্যাল’-এর আয়োজন করা হলেও উৎসবের প্রস্তুতিতে কাটা হয়েছে সমুদ্রসৈকত সংলগ্ন বহু বছরের পুরনো শত শত ঝাউগাছ।

উপকূলের প্রাকৃতিক সুরক্ষাকবচ হিসেবে পরিচিত এসব গাছ কাটায় ক্ষোভ ও সমালোচনা শুরু হয়েছে স্থানীয় বাসিন্দা এবং পরিবেশকর্মীদের মধ্যে। পরিবেশবিদ ও সচেতন নাগরিকদের আশঙ্কা, পর্যটন অবকাঠামো নির্মাণের নামে নির্বিচারে গাছ কাটা হলে কক্সবাজারের উপকূলীয় প্রতিবেশ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে। তাদের দাবি, কার্নিভ্যালের জন্য ঠিক কতটি গাছ কাটা হয়েছে, কোন কর্তৃপক্ষের অনুমতিতে এসব গাছ কাটা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা দ্রুত তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করতে হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী জানান, সমুদ্রসৈকত সংলগ্ন ঝাউবাগান কেবল সৌন্দর্যবর্ধনের উপাদান নয়, উপকূলীয় পরিবেশেরও গুরুত্বপূর্ণ অংশ। ঝাউগাছের শিকড় বালু ধরে রাখতে সহায়তা করে। পাশাপাশি উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ কমানো এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব গাছের ভূমিকা রয়েছে। সেখানে বহু বছর ধরে বেড়ে ওঠা গাছ কেটে ফেলার ক্ষতি তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে উপকূলীয় প্রতিবেশ ব্যবস্থায়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজারের আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী জানান, পর্যটন খাতের বিকাশে উৎসব হতেই পারে, আমরা এর পরিপন্থী নই। কিন্তু এভাবে বহু বছরের পুরোনো প্রাকৃতিক ঝাউবাগান কেটে সাফ করে কার্নিভাল আয়োজন কোনোভাবেই কাম্য হতে পারে না। ঝাউবাগান অক্ষত রেখে বর্তমানে বাণিজ্য মেলা আয়োজিত খোলা মাঠে কিংবা অন্য কোনো উপযুক্ত স্থানে তিন মাসব্যাপী এই কর্মসূচি পালন করা যেত। গাছ কেটে এমন আয়োজন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। 

তিনি আরও বলেন, পর্যটনশিল্পের বিকাশের জন্য প্রকৃতিকে অক্ষত রাখা জরুরি। কারণ কক্সবাজারের পর্যটনের প্রধান আকর্ষণ সমুদ্র, সৈকত ও এর প্রাকৃতিক পরিবেশ। সেই পরিবেশ ধ্বংস করে পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ দীর্ঘ মেয়াদে পর্যটনশিল্পের জন্যও ক্ষতিকর হতে পারে।

এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান, বন বিভাগের কাছ থেকে কোন ধরনের অনুমতি নেওয়া হয়নি। 

জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েমের বলেন, ঝাউগাছ কাটা বা পরিবেশ ধ্বংসের বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা