× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্যটন কার্নিভালে ঝাউগাছ কাটার তথ্য মিথ্যা ও অপপ্রচার: পর্যটন করপোরেশন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মিনিট আগে

বাংলাদেশ পর্যটন করপোরেশন লোগো। ফাইল ছবি

বাংলাদেশ পর্যটন করপোরেশন লোগো। ফাইল ছবি

কক্সবাজারে আসন্ন পর্যটন কার্নিভাল উপলক্ষে ঝাউগাছ কেটে অবকাঠামো নির্মাণের অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। 

সংস্থাটি জানিয়েছে, কার্নিভাল আয়োজনের জন্য হোটেল শৈবাল প্রাঙ্গণ বা বরাদ্দকৃত এলাকার কোনো ঝাউগাছ কাটা হয়নি এবং পরিবেশের কোনো ক্ষতি করা হয়নি।

আজ সোমবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক মোহাম্মদ এনামুল করীমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশ, স্থানীয় অর্থনীতিকে গতিশীল এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের বাস্তবায়ন সহযোগিতায় আগামী ২২ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজিত হতে যাচ্ছে। হোটেল শৈবাল প্রাঙ্গণ ও এর আশপাশের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল ও কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঝাউগাছ কেটে কার্নিভালের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে’ মর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বাস্তবে কার্নিভালের ১৫ থেকে ১৬টি বিশেষ জোন সাজানোর ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

গাছ কাটার বিষয়ে ব্যাখ্যা দিয়ে পর্যটন করপোরেশন জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামার জন্য ‘এয়ার ফানেল রুটে’ বন বিভাগের সাথে সমন্বয় করে ঝাউগাছের ওপরের অংশ ছেঁটে (ট্রিমিং) ছোট করেছে। সেগুলো বন বিভাগ কর্তৃক সংরক্ষিত রয়েছে এবং ঝাউবনে স্তূপাকারে রাখা হয়েছে। কিন্তু কতিপয় ব্যক্তি সেসব গাছের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বিকৃত করে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন প্রতিবেদনে যেসব কাটা গাছের গুঁড়ির ছবি প্রচার করা হচ্ছে, সেগুলো অনেক পুরোনো। বিগত বর্ষা মৌসুমে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে উপড়ে পড়া কিংবা ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত গাছের ছবিকে এআই-এর মাধ্যমে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কার্নিভালের ওপর দায় চাপানোর অপচেষ্টা চলছে।

পর্যটন করপোরেশন জানায়, ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন আদেশ, ১৯৭২’-এর ২(ঙ) ধারা অনুযায়ী যাবতীয় সরকারি বিধিনিষেধ অনুসরণ করেই এই আয়োজন করা হচ্ছে। আয়োজনের বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে গত ১৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরিবেশকর্মী, সাংবাদিক ও সচেতন নাগরিকদের কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সরেজমিনে কার্নিভাল প্রাঙ্গণ পরিদর্শন করে প্রকৃত সত্য যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সৈকত ও পরিবেশ রক্ষা করেই এ উৎসব সফল করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা