নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১২ মিনিট আগে
সোমবার বেলা ১১টা থেকে তারা কাজ বন্ধ করে বসে আছেন বলে জানিয়েছেন কারখানার শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মজুরি বোর্ডের বৈঠক স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
সোমবার বেলা ১১টা থেকে তারা কাজ বন্ধ করে বসে আছেন
বলে জানিয়েছেন কারখানার শ্রমিকরা।
শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক
বলেন, শ্রমিক আন্দোলনে নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক।
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছেন। তবে, ফতুল্লার কাঠেরপুলের মেট্রো নিটিং
অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা কর্মবিরতিতে আছেন। তারা কারখানার ভেতরেই অবস্থান
করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, সকাল থেকে
অন্যান্য দিনের মতোই কারখানায় কাজ চলছিল। তবে মজুরি বোর্ডের বৈঠক স্থগিত হওয়ার খবর
শোনার পর শ্রমিকরা কাজ বন্ধ করে বসে আছেন। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা বা
অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে গত সপ্তাহে শ্রমিক বিক্ষোভের ঘটনার পর
নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি),
আনসার ব্যাটালিয়ন, এসআরবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা
নজরদারি ও পুলিশের টহলও বাড়ানো হয়েছে।
সোমবার সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল,
বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ জেলার বিভিন্ন
শিল্পাঞ্চলের পোশাক কারখানায় শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। অন্যান্য
দিনের মতোই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত
জেলার কোনো পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের ১ হাজার
৬৮০টি পোশাক কারখানায় সামগ্রিকভাবে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ
বলেন, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ছয় লাখ
শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক
রয়েছে। মালিক ও শ্রমিকদের আন্তরিকতা এবং পারস্পরিক সহযোগিতার কারণে এ পরিস্থিতি
বজায় রাখা সম্ভব হচ্ছে। বর্তমানে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পোশাকশিল্পে
কিছুটা অস্থিরতার কারণে পুরো শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি,
পুলিশ, আনসার ও এসআরবির সদস্যরা মাঠে কাজ করছেন। সাইনবোর্ড থেকে বিসিক,
সিদ্ধিরগঞ্জ ইপিজেড, সোনারগাঁ, তারাবো হয়ে ভুলতা-গাউছিয়া পর্যন্ত
নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোথাও শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটলে তা
শনাক্ত করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে প্রশাসন।