সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মিনিট আগে
সরিষাবাড়ীতে হঠাৎ ঝড়ো হাওয়ার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কৃষকের ক্ষেতের সোনালি ফসল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের সরিষাবাড়ীতে হঠাৎ ঝড়ো হাওয়ার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কৃষকের ক্ষেতের সোনালি ফসল।
আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ভুট্টা, রোপা আমন, সরিষা, মরিচ ও শাকসবজিসহ
বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের এমন অবস্থায় কপালে হাত পড়েছে এ উপজেলার
কৃষকদের।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে সরিষাবাড়ী উপজেলায় ৩ হাজার
৪ শত হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক ঝড়ো হাওয়ার কারণে
এক ধাক্কায় প্রায় ৮০ হেক্টর জমির ভুট্টা সম্পূর্ণ মাটিতে লুটিয়ে পড়েছে। ফলে আর্থিকভাবে
ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা চাষিদের।
শুধু ভুট্টাই নয়, দুর্যোগের এই তাণ্ডব থেকে রেহাই পায়নি অন্যান্য
ফসলও। উপজেলা কৃষি অফিসের হিসাব অনুযায়ী এ ঝড়ো হাওয়ায় ভুট্টার পাশাপাশি ১ শত হেক্টরের
বেশি রোপা আমন, ১০ হেক্টর সরিষা, ১৫ হেক্টর মরিচ এবং ৫ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত
হয়েছে।
কামরাবাদ ইউনিয়নের প্রান্তিক কৃষক লাল চান, মোহাম্মদ আলী, আলী
আজগর মিয়া বলেন, ‘অনেক আশা নিয়ে ঋণ কইরা বন্ধক নেওয়া ৩ বিঘা জমিতে ভুট্টার আবাদ করছিলাম।
গাছগুলো যখন বড় হতেছিল, যখন ভুট্টার ফুল ও মোচা আসছিল ঠিক তহনই এই ঝড় সব শেষ কইরা দিল।
চোখের সামনে খেতের ফসল মাটিতে পইড়া নষ্ট হইয়া গেল, এখন পরিবার নিয়া
ক্যামনে চলমু বুঝতেছি না’। আকস্মিক এই ঝড়ে আমাদের অনেক বড় আর্থিক ক্ষতি হয়ে গেছে।
সরকারিভাবে কোনো প্রণোদনা বা সহায়তা না পেলে ঘুরে দাঁড়ানোর জন্য অসম্ভব হয়ে পড়বে।
পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামের কৃষক জহুরুল ইসলাম তারা, ইব্রাহীম
হোসেন, মেহেদী হাসান রিংকু বলেন, এবার বর্গা নেওয়া জমিতে শখ করে কালিজিরা ধানের চাষাবাদ
করেছিলাম। সবেমাত্র ধানগুলো শক্ত হতে শুরু করেছিল। কিন্তু হঠাৎ বাতাসের কারণে সব ধান
মাটিতে মুখ থুবড়ে পড়েছে। ক্ষেতের একটা ধানও কাটা যাবে না। এখান থেকে চাষাবাদের খরচ
তেলাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা খুবই ক্ষতিগ্রস্ত হলাম। সরকারি সহায়তা ছাড়া চাষাবাদে
ঘুরে দাঁড়াতে পারব না।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, ‘হঠাৎ বয়ে
যাওয়া ঝড়ো হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা মাঠপর্যায়ে
ক্ষতিগ্রস্ত ফসলের তালিকা তৈরি করার জন্য কৃষি বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া
হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো
হবে, যাতে সরকারি সহায়তা বা প্রণোদনা পায়।