হাবিবুর রহমান হাবীব, রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ : ১০ মিনিট আগে
কুড়িগ্রামের রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গেটের সামনে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইবোঝাই ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নতুন বছরের প্রথম প্রহরে নতুন বইয়ের ঘ্রাণে মেতে ওঠার অপেক্ষায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার প্রায় ৫৬ হাজার শিক্ষার্থী। ২০২৭ শিক্ষাবর্ষের বই বিতরণের প্রস্তুতি চললেও এখনো মাধ্যমিক পর্যায়ের ৯১ হাজার ১০০ কপি পাঠ্যবই পৌঁছায়নি উপজেলায়।
বিশেষ করে নবম শ্রেণির কোনো বই এখনো আসেনি। প্রাথমিক পর্যায়ে বই সরবরাহ প্রায় শতভাগ সম্পন্ন হলেও মাধ্যমিকে এসেছে প্রায় ৭০ শতাংশ। অথচ ডিসেম্বরের মধ্যে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। ফলে নির্ধারিত সময়ে সব শিক্ষার্থীর হাতে পূর্ণাঙ্গ বই পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে রাজারহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মোট ৪ লাখ ১২ হাজার ৯৮০ কপি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত পৌঁছেছে ৩ লাখ ২১ হাজার ৬৯০ কপি। প্রাথমিক পর্যায়ে ৯৯ দশমিক ৮ শতাংশ বই সরবরাহ করা হলেও মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ি পর্যায়ে সরবরাহের হার প্রায় ৭০ দশমিক ৫ শতাংশ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, রাজারহাটে ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি শিশু কল্যাণ বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৯ হাজার ৯২১ জন। এ ছাড়া ৩৪টি কিন্ডারগার্টেনে রয়েছে ৬ হাজার ২৪৪ জন শিক্ষার্থী। এসব প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ৯৬ হাজার ৭১০ কপি বইয়ের চাহিদার বিপরীতে পৌঁছেছে ৯৬ হাজার ৫২০ কপি। ঘাটতি মাত্র ১৯০ কপি। পাশাপাশি প্রাক্-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ৭ হাজার ৬৭০টি বাংলা বই ও অনুশীলন খাতা পৌঁছেছে।
অন্যদিকে উপজেলায় ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ হাজার ২৬১ জন, ২৮টি দাখিল মাদ্রাসায় ৭ হাজার ৪৫০ জন এবং ২৯টি ইবতেদায়ি মাদ্রাসায় ৭ হাজার ৩০৩ জন শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া সাতটি কারিগরি বিদ্যালয়ে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।
মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য ১ লাখ ৫১ হাজার ৮০০ কপি বইয়ের চাহিদার বিপরীতে পৌঁছেছে ৯৫ হাজার ৮০০ কপি। এখনো বাকি ৫৬ হাজার কপি। দাখিল মাদ্রাসার ৯৯ হাজার ৯০০ কপি বইয়ের মধ্যে এসেছে ৬৬ হাজার ৩০০ কপি। বাকি রয়েছে ৩৩ হাজার ৬০০ কপি। অন্যদিকে ইবতেদায়ি মাদ্রাসার ৫৬ হাজার ৯০০ কপি বইয়ের মধ্যে পৌঁছেছে ৫৫ হাজার ৪০০ কপি। ঘাটতি ১ হাজার ৫০০ কপি।
সব মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও ইবতেদায়ি প্রতিষ্ঠানের জন্য ৩ লাখ ৮ হাজার ৬০০ কপি বইয়ের চাহিদার বিপরীতে এসেছে ২ লাখ ১৭ হাজার ৫০০ কপি। এখনো বাকি ৯১ হাজার ১০০ কপি। এ হিসাবের বাইরে রয়েছে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বই। সবচেয়ে বেশি উদ্বেগ নবম শ্রেণির বই নিয়ে।
সংশ্লিষ্ট শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, নবম শ্রেণির কোনো বই এখনো উপজেলায় পৌঁছায়নি। কারিগরি বিদ্যালয়ের বইও আসেনি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে এসব বই সরবরাহ করা না গেলে নতুন শিক্ষাবর্ষের শুরুতে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
শুধু রাজারহাট নয়, জাতীয় পর্যায়েও মাধ্যমিকের উচ্চতর শ্রেণির বই সরবরাহে ধীরগতি দেখা গেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, উপজেলা পর্যায়ে প্রাথমিক স্তরের ৯৮ দশমিক ২৪ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৭০ দশমিক ৩১ শতাংশ বই পৌঁছেছে। শ্রেণিভিত্তিক হিসাবে ষষ্ঠ শ্রেণিতে ৯১ দশমিক ৯৭ শতাংশ, সপ্তম শ্রেণিতে ৯৩ দশমিক ৫৪ শতাংশ, অষ্টম শ্রেণিতে ৬২ দশমিক ৮০ শতাংশ এবং নবম-দশম শ্রেণিতে মাত্র ৩০ দশমিক ২২ শতাংশ বই পৌঁছেছে।
এদিকে ২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যবই ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গত ৮ নভেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮ অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণের পরিকল্পনা রয়েছে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরও ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে বই দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক্-প্রাথমিক থেকে মাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীদের জন্য ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯টি বই ছাপানোর পরিকল্পনা রয়েছে।
বইয়ের সরবরাহের পাশাপাশি কাগজ, ছাপা ও বাঁধাইয়ের মান নিয়েও উদ্বেগ রয়েছে শিক্ষকদের। রাজারহাটের চাকিরপশার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর ইসলাম বলেন, গত বছরের মতো এবারও সাদা কাগজে বই ছাপা হয়েছে। বইয়ের প্রচ্ছদ ও বাঁধাই ভালো রয়েছে। তবে ভেতরের পৃষ্ঠায় কোনো ভুল বা সমস্যা আছে কি না, তা এখনো ভালোভাবে যাচাই করা হয়নি।
রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম জানান, নবম শ্রেণির বই তারা পাননি। দু-একটি বই ছাড়া অন্য শ্রেণির প্রায় সব বই হাতে পেয়েছেন। বইয়ের প্রচ্ছদ ও বাঁধাই ভালো থাকলেও ভেতরের ভুলত্রুটি এখনো যাচাই করা সম্ভব হয়নি।
রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী বলেন, “আমাদের প্রতিষ্ঠানে কিছু বই পৌঁছেছে। তবে সব বই এখনো হাতে পাইনি। বইগুলো পাওয়ার পরই সেগুলোর মান সম্পর্কে বিস্তারিত জানা যাবে”।
রবিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, “নবম শ্রেণির বই ছাড়া মোটামুটি প্রায় সব বই এসে পৌঁছেছে। প্রতিদিনই বইবাহী গাড়ি আসছে। তবে বইয়ে ভুল ছাপা কিংবা নিম্নমানের কাগজ ব্যবহারের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অবশিষ্ট বই কবে নাগাদ পৌঁছাবে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। বই হাতে পেলেই দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে”।