গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ৯ মিনিট আগে
পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ফের বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
সোমবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে”।
পুলিশ জানায়, কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা জড়ো হয়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত কারণে রবিবার থেকে গাজীপুরের অন্তত ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে ফার ইস্ট, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিংয়ের আওতাধীন এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এপেক্স টেক্সটাইলস প্রিন্টিং মিলস লিমিটেড, এপেক্স ল্যানজারী লিমিটেড, এপেক্স ল্যানজারী লিমিটেড (এক্সটেনশন), এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেড, এপেক্স ফ্যাশন ওয়্যার লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজ্জউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্যান্য কারখানা।
কারখানা বন্ধের নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি সংক্রান্ত বাংলাদেশ সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি চললেও কর্তৃপক্ষ স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে নির্ধারিত কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।