× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধান শিক্ষক ছাড়াই চলছে কুড়িগ্রামের ৭০৫ প্রাথমিক বিদ্যালয়

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ : ১৫ মিনিট আগে

আপডেট : ১৪ মিনিট আগে

প্রধান শিক্ষক সংকটের কারণে রাজারহাটের খুলিয়াতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত দায়িত্বে চলছে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধান শিক্ষক সংকটের কারণে রাজারহাটের খুলিয়াতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত দায়িত্বে চলছে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের ১ হাজার ২০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭০৫টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় সহকারী শিক্ষকদের দিয়ে চলছে এসব বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি দাপ্তরিক দায়িত্ব সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। বিশেষ করে জেলার প্রায় ২০০টি চরাঞ্চলের বিদ্যালয়ে এ সংকট আরও প্রকট। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান ও বিদ্যালয়ের কার্যক্রম।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ২০৮টি। এর মধ্যে প্রধান শিক্ষকের ৭০৫টি পদ শূন্য। এসব পদের মধ্যে পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য ৬৮৮টি এবং সরাসরি নিয়োগযোগ্য ১৭টি।

বর্তমানে ১৭৫টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা চলতি দায়িত্বে প্রধান শিক্ষকের কাজ করছেন। তারা বেতন-ভাতার সঙ্গে অতিরিক্ত ১ হাজার ৫০০ টাকা ভাতা পান। এ ছাড়া ৫০টি বিদ্যালয়ে সহকারী শিক্ষিকারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তারা কোনো বাড়তি সুবিধা পান না। বাকি ৪৮০টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মাধ্যমেই প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকদের একদিকে শ্রেণিকক্ষে পাঠদান, অন্যদিকে বিদ্যালয়ের দাপ্তরিক ও প্রশাসনিক কাজ সামলাতে হচ্ছে। নথিপত্র সংরক্ষণ, চিঠিপত্র আদান-প্রদান এবং জরুরি প্রয়োজনে উপজেলা শিক্ষা অফিসে যাতায়াত করতে গিয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।

জেলার ৯টি উপজেলাতেই চরাঞ্চল রয়েছে। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের বিচ্ছিন্ন চরের বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটের পাশাপাশি রয়েছে যোগাযোগের সমস্যা। বর্ষা ও বন্যায় বছরের তিন থেকে চার মাস অনেক বিদ্যালয়ে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হয় না।

দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনও কঠিন হয়ে পড়ে। এর মধ্যে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের তদারকি ও প্রশাসনিক কার্যক্রম আরও ব্যাহত হচ্ছে।

ব্রহ্মপুত্র নদের চরে অবস্থিত কুড়িগ্রাম সদর উপজেলার মাঝিয়ালিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এরশাদুল হক বলেন, “২০২৩ সাল থেকে আমাকে এই পদে দায়িত্ব পালন করতে হচ্ছে। চার শিক্ষকের এই বিদ্যালয়ে প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় ক্লাস নেওয়া সম্ভব হয় না। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

জেলার রাজারহাট উপজেলাতেও প্রধান শিক্ষক সংকটের চিত্র উদ্বেগজনক। উপজেলার ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭১টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। এর মধ্যে ২০টিতে সহকারী শিক্ষকরা চলতি দায়িত্ব এবং ৫১টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৬ হাজার ৮৪৩ জন। এর মধ্যে ছেলে ৮ হাজার ৩১ এবং মেয়ে ৮ হাজার ৮১২ জন।

রাজারহাট উপজেলার পশ্চিম চর বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুদু মিয়া বলেন, “প্রতিদিন আমাকে তিন থেকে চারটি ক্লাস নিতে হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় অতিরিক্ত প্রশাসনিক দায়িত্বও পালন করতে হচ্ছে। একদিকে ক্লাসের চাপ, অন্যদিকে প্রশাসনিক কাজ- সব মিলিয়ে হিমশিম খেতে হচ্ছে।”

চাকিরপাশার ইউনিয়নের নীলেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিয়া ইফতেখার হোসেন রাঙ্গা বলেন, “প্রধান শিক্ষক না থাকায় দাপ্তরিক কাজের পাশাপাশি পাঠদানের দ্বিগুণ চাপ সামলাতে হচ্ছে। জরুরি কাজে উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়। এতে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে।”

রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, “প্রধান শিক্ষক পদ শূন্য থাকার বিষয়টির সঙ্গে পদোন্নতির বিষয়টি জড়িত। পদোন্নতি হলে প্রধান শিক্ষকের পদগুলো আর শূন্য থাকবে না। আমরা শূন্য পদের তালিকাসহ প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আশা করছি, খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন, “প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ শতাংশ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকের পদ পূরণ করা হয়। ২০১৮ সালের পর থেকে প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে পদোন্নতির প্রক্রিয়াও বন্ধ রয়েছে। আশা করা যায়, দ্রুত এই সমস্যার সমাধান হবে।”

দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদ শূন্য থাকায় বিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমে সংকট তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত পদোন্নতি ও সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদ পূরণ করা হলে বিদ্যালয়গুলোতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনা সম্ভব হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা