চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৭ মিনিট আগে
নগরের হোটেল আগ্রাবাদে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘নেতৃত্বে নারী ও তরুণ : বাধা কোথায়?’ শীর্ষক সংলাপ ও কর্মশালায় বক্তব্য রাখেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতায়ই প্রতিষ্ঠিত হতে পারেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, তীব্র সমালোচনা ও প্রতিকূলতার মুখোমুখি হয়েও বেগম খালেদা জিয়ার পথচলা এবং আরও অসংখ্য নারীর সাফল্য তা প্রমাণ করে।
রবিবার নগরের হোটেল আগ্রাবাদে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘নেতৃত্বে নারী ও তরুণ : বাধা কোথায়?’ শীর্ষক সংলাপ ও কর্মশালায় তিনি এ কথা বলেন। নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তরুণ রাজনীতিক, নারী নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষাই একটি সমৃদ্ধ জাতির প্রকৃত ভিত্তি। কার্যকর নেতৃত্বের জন্য শিক্ষার বিকল্প নেই। নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মতো বাস্তবমুখী ক্ষমতায়নের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, নারীরাই পরিবারের মূল ভিত্তি। তরুণরা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দেন।
কর্মশালায় উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, সংসদে নারী নেতৃত্ব একটি সাংবিধানিক বিষয়। জাতীয় সংসদে সরাসরি নারীদের অংশগ্রহণ শুরু করা যেতে পারে। তরুণদের সর্বোচ্চ নেতৃত্বে অংশগ্রহণের প্রস্তুতি নিতে এবং ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলার সাহস নিয়ে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, তরুণরা সমাজের অন্যতম প্রধান চালিকাশক্তি, অথচ নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ এখনও সীমিত। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা, রাঙামাটি জেলা জজকোর্টের অ্যাডভোকেট ও মানবাধিকারকর্মী সুস্মিতা চাকমা এবং কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের (সিপিবি) চট্টগ্রামের সভাপতি অশোক সাহা। প্রশ্নোত্তর পর্বে তরুণ অংশগ্রহণকারীরা নারী নেতৃত্ব, রাজনৈতিক ক্ষমতায়ন ও পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয় সংক্রান্ত নানা প্রশ্ন তোলেন।