× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় জেলায় ৭ জনের মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মিনিট আগে

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের ছয় জেলায় পৃথক ঘটনায় সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবর—

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে রনি নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকালে মিজমিজি তেরা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলামিন নামে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, রনির সঙ্গে আলামিনের কয়েক দিন আগে বিরোধ হয়েছিল। সেই বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, এ ঘটনায় তদন্ত চলছে।

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে নিয়ে যাওয়ার পথে সোলায়মান আলী (৬৫) নামে এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে হেমুতখালী-খয়রাবাদ এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। তিন ব্যক্তি যাত্রীবেশে তার অটোরিকশা ভাড়া করে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম রুবেল (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে বিরাহিমপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। তার দুই হাত বাঁধা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় তদন্ত চলছে।

একই জেলার বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন (৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে মাদরাসাতুস সুন্নাহ কওমি মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেছারাবাদ (পিরোজপুর) : পিরোজপুরের নেছারাবাদে ১৩ বছর বয়সী সিয়ামকে হত্যার অভিযোগে তার বাবা আরিফ রাঢীকে আসামি করে মামলা হয়েছে। শনিবার রাতে নিহত শিশুর চাচা পলাশ রাঢী মামলাটি করেন। এর আগে সন্ধ্যা নদী থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আরিফকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য, বাবা-ছেলের মধ্যে বিরোধের একপর্যায়ে শিশুটিকে আঘাত করার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইঙ্গিতে জানিয়েছেন আরিফ। 

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে পৃথক ঘটনায় এক বৃদ্ধ ও এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে তেলিহাটি গ্রামে লিচুগাছের ডাল কাটতে গিয়ে পড়ে মমতাজ উদ্দিন (৮০) মারা যান। অন্যদিকে সকালে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের পাশ থেকে ওয়াহিদ (৩৫) নামে এক যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার করে পুলিশ। বিদ্যুতের খুঁটির কাছে মরদেহটি পাওয়া যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা