× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে ভয়াবহ নৈরাজ্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মিনিট আগে

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী লগি-বৈঠা, লাঠি, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে  শহরের বিভিন্ন সড়কে মিছিলের মাধ্যমে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী লগি-বৈঠা, লাঠি, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে শহরের বিভিন্ন সড়কে মিছিলের মাধ্যমে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কয়েক হাজার নেতাকর্মী লগি-বৈঠা, লাঠি, রামদা, চাইনিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে রবিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন সড়কে মিছিলের মাধ্যমে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করে।

এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশের স্থাপনায় হামলা, সরকারি কলেজের নামফলক পরিবর্তন এবং বিএনপি নেতা ও ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর করা হয়। টুঙ্গিপাড়ায় আগের রাতেও বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে রবিবারই গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় দেড় হাজারের বেশি পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সরকার সব ধরনের নাশকতা দমনে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। গোপালগঞ্জের বিষয়টিও সরকারের নজরে আছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকেই গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ড থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতাকর্মীরা শহরে আসতে থাকেন। সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়ার গাবতলা মোড়, শিশু পার্ক ও বিসিক এলাকায় তারা জড়ো হন। পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী শহরে প্রবেশ করে। ঘোষেরচর দক্ষিণপাড়া, মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকাতেও পৃথক মিছিল বের হয়।

এদিকে রবিবার বিকালে টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী। ১৩ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে; তাদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

জেলার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার পাটগাতী এলাকায় গ্রামীণ ব্যাংকে হামলা করে আগুন দেয়। একপর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে টুঙ্গিপাড়ায় উপজেলা যুবদলের কার্যালয় ও বিএনপির সমর্থকদের বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে জাতীয় পতাকার পাশাপাশি লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র দেখা যায়। তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ও স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে। শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক সরিয়ে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’-এর ব্যানার লাগানো হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর কলেজটির নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়েছিল।

শহরের বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালানো হয়। এ ছাড়া এফএনএফ সুপারশপের কাচ, বিএনপি নেতা মাহাবুব আলী সোহেলের ব্যক্তিগত কার্যালয় ও ছাত্রদল নেতা রানা মোল্লার কার্যালয়ে ভাঙচুর করা হয়। রানা মোল্লার কার্যালয়ে আগুন দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সেটির তালা খুলে দেন। মিছিলের সময় পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্সের কাচও ভাঙচুর করা হয়। এসব ঘটনায় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শহরের পাশাপাশি টুঙ্গিপাড়াতেও আগের দিন শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় মিছিল ও হামলার ঘটনা ঘটেছে। উপজেলার বর্নি বাজারে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয় ভাঙচুর করা হয়। কার্যালয়ের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার ও টেবিল ভাঙচুরের অভিযোগ করেছেন স্থানীয় যুবদল নেতারা। পরে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। বিএনপি-সমর্থিত কয়েকজনের দোকানপাটেও ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রাত ১০টার দিকে পাটগাতী বাসস্ট্যান্ডে আরেকটি মিছিল বের হলে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসব ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

এদিকে গোপালগঞ্জে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জিএম সরফরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়েছে। প্রজ্ঞাপনে এসব আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।

গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিকালে সার্কিট হাউসে প্রেস ব্রিফিং করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। বিজিবি যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ, এপিবিএন, আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, পুলিশ, এপিবিএন ও আনসার থেকে অতিরিক্ত জনবল পাঠানোর প্রস্তুতি রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করে, সাধারণ মানুষের জানমাল কিংবা সরকারি সম্পত্তির ক্ষতি করেÑ এমন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। 

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, গোপালগঞ্জের নিরাপত্তা পরিকল্পনায় ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। জেলার ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্ত টহল দল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়। সদর ছাড়াও চার উপজেলায় পুলিশ মোতায়েন ছিল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মিছিলকারীদের স্লোগানে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে বক্তব্য থাকলেও জামায়াতে ইসলামীর নাম ছিল নাÑ এমন প্রশ্ন উঠেছে। রাজনৈতিক স্লোগানের লক্ষ্য ও নির্বাচন করে কোনো দলকে আক্রমণের পেছনে কী বার্তা রয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। 

শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে আগুন : এদিকে গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ শ্রীপুর থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। শনিবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের টেংরা-শ্রীপুর শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ব্যাংকের কর্মকর্তা ও নৈশপ্রহরী জানতে পেরে আগুন নিভিয়ে ফেলায় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় ব্যাংক। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন : অপরদিকে বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের (এলজিইডি) হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে কার্যালয়টি। উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্য দিয়ে সহযোগিতা করেছেন গোপালগঞ্জ, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, শ্রীপুর (গাজীপুর) ও আমতলী (বরগুনা) প্রতিবেদক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা