কক্সবাজার অফিস
প্রকাশ : ১৭ মিনিট আগে
কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলারের অর্থনীতিতে রূপান্তরের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ লক্ষ্য অর্জনে বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা, রাজস্ব খাতে শৃঙ্খলা এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রবিবার কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
অর্থমন্ত্রী বলেন, ঋণ পরিশোধের বাড়তি চাপ, দুর্বল রাজস্ব আহরণ ও সীমিত আর্থিক সক্ষমতা দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ। তাই ঋণের অর্থ প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে কার্যকরভাবে ব্যয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য হতে হবে ঋণ নেওয়া প্রতিটি টাকা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে অর্থবহ অবদান রাখে। আমাদের উচ্চাকাঙ্ক্ষা শুধু আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশ করা নয়, বরং দায়িত্বশীল ও টেকসই উপায়ে সেখানে অর্থায়নের সুযোগ কাজে লাগানো।
আমির খসরু বলেন, সরকার প্রচলিত অর্থায়নের পাশাপাশি সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্সসহ উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছে। একটি দেশের সার্বভৌম ঋণগ্রহণের সাফল্য কত অর্থ ঋণ নেওয়া হয়েছে, তার ওপর নির্ভর করে না; বরং ওই অর্থ কতটা কার্যকরভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে অবদান রাখছেÑ সেটিই এর প্রকৃত মাপকাঠি।
অর্থমন্ত্রী বলেন, সরকারের ৫ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা এবং অর্থনৈতিক অগ্রাধিকারের সঙ্গে আইএমএফসহ অন্যান্য উন্নয়ন সহযোগীর অর্থায়ন ও সংস্কার কর্মসূচির সমন্বয় করতে চায় সরকার। এক্ষেত্রে বিশ্বব্যাংক, এডিবি, জাইকাসহ বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ চলছে।
দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। ক্রমবর্ধমান অর্থায়ন ব্যয়, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক পুঁজিবাজারের পরিবর্তিত পরিস্থিতিতে টেকসই ঋণগ্রহণের কৌশল নির্ধারণ নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।