ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ৮ মিনিট আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চলতি সপ্তাহেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হতে যাচ্ছে। এজন্য সার্বিক প্রস্তুতি চলছে। জানা গেছে, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় অনুমোদন পেলে চলতি নভেম্বরেই এ ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। তবে পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছতে আরও পাঁচ-ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, কোনো ধরনের কারিগরি সমস্যা বা আকস্মিক সংকট দেখা না দিলে চলতি সপ্তাহেই প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত করার প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের প্রক্রিয়া শুরু হবে।
সূত্র জানায়, প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি এগিয়ে চলছে। রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছলে পূর্ণ সক্ষমতার তুলনায় প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, পরীক্ষামূলক সরবরাহের পর উৎপাদন ও বিতরণের প্রতিটি পর্যায় নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। সবকিছু ত্রুটিমুক্ত থাকার বিষয়ে নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বর্তমানে কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। উভয় ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হতে পারেন। তবে তারিখ চূড়ান্ত হয়নি। দুই রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণ বিবেচনায় অনুষ্ঠানটি ডিসেম্বর মাসে আয়োজনের সম্ভাবনা রয়েছে।