× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জে শিক্ষকের ওপর হামলা, আহত ৪

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মিনিট আগে

আহত শিক্ষক আহসান হাবিব মোল্লা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আহত শিক্ষক আহসান হাবিব মোল্লা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব মোল্লার ওপর অতর্কিত হামলা, মারধর ও অফিস সহকারী লামিয়া আক্তারকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় সাংবাদিকসহ চারজন আহত হয়েছেন। প্রধান শিক্ষকের অভিযোগ, বিদ্যালয়ে যেতে বাধা দেওয়ার পাশাপাশি তাঁকে মারধর, মিথ্যা মামলায় ফাঁসানো ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন অভিযুক্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর দুধল ইউনিয়নের সুন্দরকাঠি জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শনিবার সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব মোল্লা, অফিস সহকারী লামিয়া আক্তার, সাংবাদিক মোহসিন হোসেন মোল্লা এবং আরও একজন। তবে অন্য আহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

শিক্ষক আহসান হাবিব মোল্লার অভিযোগ, স্থানীয় জাকির হাওলাদার, আনোয়ার হাওলাদার, মাসুদ হাওলাদার, বশির হালদার, সুলতান হাওলাদার, মতিসহ কয়েকজন বিদ্যালয়ে প্রবেশে বাধা দেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এ সময় বিদ্যালয়ের অফিস সহকারী লামিয়া আক্তারকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। হামলাকারীরা তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, অভিযোগের পেছনে বিদ্যালয়-সংক্রান্ত একটি বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে বরিশালের সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা শনিবার বিদ্যালয়ে পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

প্রধান শিক্ষকের অভিযোগ, তদন্ত কর্মকর্তারা চলে যাওয়ার পর অভিযুক্তরা আরও চড়াও হন। বিদ্যালয়টি তাঁদের বাড়ির দরজায় হওয়ায় সেখানে অবৈধভাবে আধিপত্য বিস্তারের চেষ্টা চালান তাঁরা। একপর্যায়ে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করা হয় এবং বিদ্যালয়ের অফিস সহকারী লামিয়া আক্তারকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। হামলায় সাংবাদিক মোহসীন হোসেন মোল্লাসহ চারজন আহত হন। এ ঘটনায় প্রধান শিক্ষক বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রধান শিক্ষকের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা