রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ মিনিট আগে
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের মাত্র চার মাসের মাথায় এক গৃহবধূর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে তালাকনামা পাঠিয়েছেন স্বামী।
গত বুধবার বিকেলে স্ত্রীকে তালাকনামা পাঠান তিনি।
ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে।
স্থানীয়রা জানান, চলতি বছরের ১৭ জুলাই চরলক্ষ্মী আখনবাজার এলাকার
এক তরুণীর সঙ্গে চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে মিরাজ হোসেনের
(২৫) বিয়ে হয়। পেশায় নৌকার মাঝি মিরাজের সঙ্গে বিয়ের আগে ওই তরুণী স্থানীয় একটি মাদ্রাসায়
অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।
বিয়ের প্রায় সাড়ে তিন মাসের মাথায় গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার
একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন ওই তরুণী। বিয়ের
সময়ের সঙ্গে সন্তান জন্মের সময়ের ব্যবধান নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। একপর্যায়ে
গত ১১ নভেম্বর স্ত্রীকে তালাকনামা পাঠান মিরাজ।
এদিকে, ওই তরুণীর অভিযোগ, তার বর্তমান পরিস্থিতির জন্য আপন মামাতো
ভাই ও প্রসাধনী ব্যবসায়ী আবুল খায়ের দায়ী। তিনি বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন।
একই সঙ্গে আবুল খায়েরের সঙ্গে বিয়ে এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। তবে ঘটনার
পর থেকে অভিযুক্ত আবুল খায়েরের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে
কোনো বক্তব্য দিতে রাজি হননি।
স্বামী মিরাজ হোসেন বলেন, বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান প্রসবের
বিষয়টি জানার পর খোঁজখবর নিয়ে জানতে পারেন, তার স্ত্রীর মামাতো ভাই আবুল খায়ের এ ঘটনার
সঙ্গে জড়িত। এ কারণে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন, বিষয়টি মীমাংসার জন্য উভয় পরিবারের সদস্যদের নিয়ে রবিবার বিকেলে তার কার্যালয়ে
সালিশ বৈঠক ডাকা হয়েছে।