প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মিনিট আগে
পটুয়াখালী সেতুর উত্তর পাশে খলিশাখালী ঢালে জ্বালানি তেলবাহী ট্যাংকলরি ও মালামালবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুর, পটুয়াখালী ও গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ছয়জন।
রবিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাস-অটোরিকশা, ট্যাংকলরি-পিকআপ ও অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন কলেজ শিক্ষক, আনসার সদস্য, ব্যবসায়ী ও মোটরসাইকেল চালক। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
রংপুর : রংপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে চারজন। রবিবার ভোর রাতে পাগলাপীর-গঞ্জিপুর সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক দীবা রানী সরকার ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আনসার সদস্য মেহেরুল ইসলাম। গঙ্গাচড়া থানার এসআই জনক রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে রংপুরের কাউনিয়া উপজেলায় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রাণ-আরএফএল ডিলার নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়ার ভেলুপাড়া বাজার সংলগ্ন ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৩০) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান বাজার সংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। কাউনিয়া থানার ওসি বাদল কুমার মণ্ডল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালী : পটুয়াখালীতে জ্বালানি তেলবাহী ট্যাংকলরি ও মালামালবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপে থাকা স্বামী-স্ত্রী হারুন মোল্লা (৪৫) ও মরিয়ম (৪০) গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে পটুয়াখালী সেতুর উত্তর পাশে খলিশাখালী ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর এলাকার বাহের মৌজ গ্রামের মো. আজাহার গাজীর ছেলে। আহত হারুন মোল্লা গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের ইউনূছ মোল্লার ছেলে। তার স্ত্রী মরিয়ম একই এলাকার বাসিন্দা। সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ট্যাংকলরির চালক-হেলপার পালিয়ে গেছেন।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কল্লোল বালা (২৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার বিকালে গোপালগঞ্জ সদরের মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক কল্লোল বালা গোপালগঞ্জ শহরের বাগচীবাড়ী এলাকার প্রো বালার ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই নৃপেন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।