× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানের দাম কম, বীজের দামে দিশেহারা দিরাইয়ের কৃষকরা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মিনিট আগে

এক কেজি ধানের বীজ কিনতে কৃষককে বিক্রি করতে হচ্ছে প্রায় এক মণ ধান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এক কেজি ধানের বীজ কিনতে কৃষককে বিক্রি করতে হচ্ছে প্রায় এক মণ ধান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কৃষকের ঘরে গোলাভরা ধান, অথচ সেই ধান বিক্রি করেও মিলছে না কাঙ্ক্ষিত দাম।

একদিকে উৎপাদিত ধানের বাজারমূল্য কম; অন্যদিকে পরবর্তী মৌসুমের জন্য হাইব্রিড ধানের বীজ কিনতে গুনতে হচ্ছে কেজিপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা।

ফলে এক কেজি ধানের বীজ কিনতে কৃষককে বিক্রি করতে হচ্ছে প্রায় এক মণ ধান।

এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরপাড়ের কৃষকরা।

উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামাঞ্চলে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে কৃষকরা প্রতি মণ ধান বিক্রি করছেন প্রায় ৫০০ থেকে ৬০০ টাকায়।

অন্যদিকে, বাজারজাত ও কোম্পানিভেদে হাইব্রিড ধানের বীজের দাম কেজিপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। ফলে ধান বিক্রির টাকা দিয়েই বীজ কিনতে গিয়ে বিপাকে পড়ছেন কৃষকরা।

জগদল ইউনিয়নের কৃষক আরশ আলী বলেন, এক কেজি ধানের বীজ কিনতে হলে এক মণ ধান বিক্রি করতে হয়। সারা বছর কষ্ট করে ধান ফলাই, অথচ সেই ধানের ন্যায্য দাম পাই না। আবার নতুন করে চাষাবাদ করতে বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ বাড়ছে। আমরা কীভাবে চলব, আর কীভাবেই বা পরবর্তী ফসল ফলাব।

রাজানগর ইউনিয়নের কৃষক রনি দাস বলেন, ধানের দাম কম থাকায় সংসারের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে।

এর মধ্যে বীজ, সার ও জমি চাষের খরচ বেড়েছে। ধান বিক্রি করে সব খরচ মেটানোর পর হাতে তেমন কিছুই থাকে না। কৃষকের উৎপাদন খরচ বিবেচনা করে ধানের দাম নির্ধারণ করা প্রয়োজন।

কুলঞ্জ ইউনিয়নের এক কৃষক বলেন, হাওরে ধান ফলাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। বৃষ্টি, পানি ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে ফসল ঘরে তুলতে হয়।

অথচ বাজারে ধানের দাম কম। একদিকে ধানের দাম নেই, অন্যদিকে কৃষি উপকরণের দাম বেশি। এভাবে চলতে থাকলে কৃষিকাজ করে পরিবার চালানো কঠিন হয়ে যাবে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু ধানের বীজ নয়, জমি প্রস্তুত, হালচাষ, শ্রমিকের মজুরি, সার, কীটনাশক ও সেচের খরচও দিন দিন বাড়ছে। উৎপাদন খরচ বাড়লেও সেই অনুপাতে বাড়ছে না ধানের দাম। ফলে অনেক কৃষককে ঋণ করে পরবর্তী মৌসুমের চাষাবাদের প্রস্তুতি নিতে হচ্ছে।

কৃষকদের অভিযোগ, ধান কাটার মৌসুমে অনেক সময় একসঙ্গে অধিক পরিমাণ ধান বাজারে আসায় মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর করে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হন তারা। সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রয়োজনের তাগিদে কম দামেই ধান বিক্রি করতে হয় অনেক কৃষককে।

কৃষকদের দাবি, উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।

পাশাপাশি সরকারি উদ্যোগে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা, কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণ এবং কম দামে মানসম্মত বীজ সরবরাহের ব্যবস্থা করতে হবে।

হাওরাঞ্চলের কৃষকদের প্রশ্নÑ যে কৃষকের ঘামে দেশের খাদ্যের জোগান আসে, সেই কৃষকই যদি নিজের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য না পান, তাহলে কৃষিকাজ করে টিকে থাকবেন কীভাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা