শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ মিনিট আগে
শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে ইতালিপ্রবাসী নিশাত ঢালীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল এবং দোকানে পুড়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরে শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে ইতালিপ্রবাসী নিশাত ঢালীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল এবং দোকানে পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে প্রবাসীর প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ডেনিম্যাক কারখানার সামনে ইতালিপ্রবাসী নিশাত ঢালীর বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।
প্রবাসীর স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে ইতালিপ্রবাসী নিশাত ঢালী ১৩টি বসতঘর, দুটি দোকানসহ বাড়ি কেনেন। ওই সব ঘর স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে এবং সামনের দুটি দোকানের একটিতে খাবার হোটেল ভাড়া দেওয়া ছিল। সকালে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুন ধরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত পেছনে থাকা বসতঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করে। আগুনে প্রতিটি বসতঘর, ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রবাসীর প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।