খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ১৬ মিনিট আগে
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিকার সচেতনতা নিয়ে বিভিন্ন সেশন পরিচালনা করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও নিজেদের অধিকার সম্পর্কে ধারণা বাড়াতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে হেলথ অলিম্পিয়াড।
এতে জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ জন করে মোট ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়। বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতি এ আয়োজনে সহযোগিতা করে।
অলিম্পিয়াডে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, স্বাস্থ্য অধিকার বিষয়ক আলোচনা সভা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ, পুষ্টি ও সুস্থ জীবনযাপন সম্পর্কে জ্ঞান যাচাইয়ের পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক তাজলিমা সিরাজ সিমা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. ফারুক আব্দুল্লাহ, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি অংপ্রু মারমা, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। কিন্তু শুধু চিকিৎসাসেবা গ্রহণ করলেই সুস্থ থাকা সম্ভব নয়; প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলা, সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, নিরাপদ পানি পান, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং রোগ প্রতিরোধ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে।
তারা আরও বলেন, পরিবার ও সমাজে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য অধিকার সম্পর্কে জ্ঞান বাড়ানোর পাশাপাশি দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।