কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১০ মিনিট আগে
কক্সবাজার শহরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজার শহরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদানযুক্ত খাবার পরিবেশনের অভিযোগে অভিজাত রেস্তোরাঁ ‘কাসুন্দি’ ও ‘চৌরঙ্গী বেকারি’র বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে।
গত শনিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে শাখাভিত্তিক বিপণিবিতান স্বপ্নকে ৩ লাখ টাকা এবং জামান রেস্টুরেন্টকে (জামান হোটেল) ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম গিয়াস উদ্দিন। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য জানান, বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের আওতায় শহরের বিভিন্ন খাদ্য পরিবেশন ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়।
তিনি বলেন, আইন লঙ্ঘন করে খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একই অভিযোগসহ মানবদেহের জন্য ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ায় কাসুন্দি ও চৌরঙ্গী বেকারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।