× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

তানভীর আহমেদ, গাজীপুর সিটি

প্রকাশ : ১৮ মিনিট আগে

আপডেট : ১ মিনিট আগে

গাজীপুর মহানগরের একটি প্রকল্পে অপরিকল্পিত অবকাঠামো ও রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটির দৃশ্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর মহানগরের একটি প্রকল্পে অপরিকল্পিত অবকাঠামো ও রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটির দৃশ্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার অর্থায়নে নাগরিক সুবিধার জন্য হরেক রকম উন্নয়ন কাজ হলেও বাস্তবে তা রূপ নিয়েছে চরম ভোগান্তিতে। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি এবং বিভিন্ন সংস্থার সমন্বয়হীন কাজের কারণে নাগরিক সুবিধা তো মিলছেই না, বরং এসব প্রকল্পই এখন গাজীপুরবাসীর জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অথচ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বুমেরাং বা ‘সাপেবর’ এসব প্রকল্পে। 

জানা যায়, গাজীপুর সিটি করপোরেশন আটটি জোনে বিভক্ত। এর প্রত্যেক জোনেই নির্মাণ করা হয়েছে ২০ ফুট করে রাস্তা। কিন্তু এই নির্মিত রাস্তার প্রায় প্রত্যেকটিতেই রয়েছে বৈদ্যুতিক খুঁটির অবস্থান। গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নীলেরপাড়া থেকে কানাইয়া ৩২০০ মিটার রাস্তাটি ২৯ কোটি টাকা ব্যয়ে ও বিশ্বব্যাংকের (ওয়ার্ল্ড ব্যাংক) সহযোগিতায় উন্নয়ন করা হয়। আবার সালনা বাজার থেকে দেশিপাড়া হয়ে বিলাসপুর বটতলার ৫ কিলোমিটার রাস্তাটি প্রায় ৭৫ কোটি টাকা ব্যয়ে করা হয়। 

এ ছাড়া কানাইয়া, নীলেরপাড়া, পেয়ারা বাগান ও ধীরাশ্রম থেকে যোগীতলা বাজারের ৫.৩ কিলোমিটার রাস্তাটি করা হয় প্রায় ৬৬ কোটি টাকা ব্যয়ে। পাশাপাশি ছোট দেওড়া হতে যোগীতলার রাস্তা ২১ কোটি টাকা ব্যয়ে এবং কাশিমপুর বিআইডিসি থেকে শ্রীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত দেড় কিলোমিটার আরসিসি রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু গুরুত্বপূর্ণ এসব রাস্তার মাঝে থাকা শত শত বৈদ্যুতিক খুঁটি যেন একেকটি মরণফাঁদ। এ কারণে সচেতন নাগরিকরা রাস্তাটি এড়িয়ে চলেন। নগরবাসীর সুবিধার্থে শতকোটি টাকা খরচ করে রাস্তাগুলো করা হলেও বর্তমানে বৈদ্যুতিক খুঁটির কারণে নগরবাসীর অন্যতম অসুবিধার কারণ এসব রাস্তা। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সুবীদ বসাক জানান, ‘আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কয়েক দফা আলোচনা করেছি।’

আশ্রয়ণ প্রকল্পে মাদকের আখড়া

সন্ধ্যা হলেই কিছু লোক বন্ধ ঘরে (আশ্রয়ণ প্রকল্পে) প্রবেশ করে। এরপর কিছু সময় থেকে আবার একসাথে চলে যায়। তবে তারা কী কাজে আসে এবং কেন চলে যায়Ñ এ বিষয়ে মুখ খুলতে রাজি নয় বাসিন্দারা। খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানা এলাকায় নির্মিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোকে কেন্দ্র করে অসংখ্য অভিযোগ উঠেছে। একই পরিবারের একাধিক সদস্যকে ঘর বরাদ্দ দেওয়া, আবার ঘর বরাদ্দ নিয়ে বসবাস না করে তা ভাড়া দেওয়া এবং মাদকের ব্যবসা করাÑ এসব অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা যায়, ১ লাখ ৭০ হাজার টাকা থেকে শুরু করে চতুর্থ ধাপে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে নির্মিত মাত্র ৬টি ঘরে মানুষ বসবাস করছে। এবং ১৭ নম্বর ঘরের সামনে শুকনো ডালপালা পড়ে আছে। এ ছাড়া ১৯টি ঘরের মধ্যে ১৩টি ঘরই তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দা রোজিনা বলেন, “সরকার গরিব মানুষের লাইগা ঘর বানাইছে। অহন বড়লোকরা থাকলে লাভ অইল কী?’ তার দাবি, আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর এখন বসবাসের বদলে ব্যবহার হচ্ছে গোডাউন ও মাদকের ব্যবসায়”।

সমন্বয়হীনতায় বর্জ্যের ভাগাড়

গাজীপুর মহানগরীতে প্রতিদিন প্রায় তিন হাজার মেট্রিক টন বর্জ্য তৈরি হয়। এর মধ্যে সিটি করপোরেশন মাত্র এক-তৃতীয়াংশ সংগ্রহ করতে পারে। বাকি বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে যত্রতত্র। বর্জ্যের এই অতিরিক্ত চাপ ও জায়গাস্বল্পতায় গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে অক্সিজেনের ভান্ডার ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করা হয়েছে। সাত হাজার বর্গফুট আয়তনের পঁচিশ ফুট উঁচু এই কেন্দ্রে নগরীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা প্রায় দুই হাজার টন বর্জ্য অস্থায়ীভাবে রাখা হবে। পরে সেগুলো চূড়ান্ত ডাম্পিং স্থানে নেওয়া হবে।

তবে স্থানীয়দের আশঙ্কা, বর্জ্য থেকে নির্গত দুর্গন্ধ, লিচেট ও যানবাহনের চাপ বনাঞ্চলের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। আইনগত দিক থেকেও বিষয়টি গুরুতরত। বন আইন, ১৯২৭ অনুযায়ী ঘোষিত সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের অনুমতি ছাড়া বনে প্রবেশই নিষিদ্ধ।

এ বিষয়ে ভাওয়াল জাতীয় উদ্যানের রেঞ্জার আমিনুর রহমান বলেন, “বনাঞ্চলের স্বার্থ বিবেচনায় এখানে কার্যক্রম চালানোর অনুমতি নেই। সিটি করপোরেশন বন বিভাগের সাথে যথাযথ সমন্বয় না করেই কাজ চালিয়ে যাচ্ছে”।

টেশিসের ৪০০ কোটি টাকার সম্পদ দখল

গাজীপুরের টঙ্গীতে টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) ৪০০ কোটি টাকার মূল্যের সাড়ে পাঁচ একর জমি বেহাত হয়ে গেছে। টেশিস সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ২০০৯ সালে তৎকালীন সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাড়ে ৫ একর জমি জবরদখল করে সেখানে তার পিতার নামে স্টেডিয়াম নির্মাণ করেন। ২০১৩ সালে নির্মাণকাজ শেষ হয়। এই নির্মাণে সরকারি অর্থ ব্যয় হয় প্রায় ৮ কোটি টাকা।

টেশিস কর্তৃপক্ষ জানায়, জমি রক্ষার জন্য চেষ্টা করলেও শেষ পর্যন্ত শুধুই চিঠি চালাচালিতেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকে। বর্তমানে জমিটির বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা।

এ বিষয়ে টেশিসের ব্যবস্থাপক (জনসংযোগ ও কল্যাণ) রেজাউল করিম বলেন, “আমাদের মূল দাবি হলোÑ আমাদের জমি ফিরিয়ে দেওয়া হোক। আমরা একাধিকবার সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছি। বিষয়টি সমাধানের জন্য সরকারের দুটি বিভাগের আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো জরুরি”।

স্বপ্নের প্রকল্পে হাজার কোটি টাকা গচ্চা

অসীম স্বপ্ন নিয়ে ২০১২ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট’ বা বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। সেই স্বপ্নের প্রকল্প এখন চরম ব্যর্থতায় পরিণত হয়েছে। ফলে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিশেষ ডিজাইনে নির্মিত এই প্রকল্পটির অবকাঠামো অপসারণ করাও বেশ জটিল ও ব্যয়বহুল।

৪.৫ এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিআরটি-এর ২০.৫০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে ২৮১২.৫০ মিটারের ৬টি ফ্লাইওভার, ১০ লেন বিশিষ্ট ১৭৫ মিটারের টঙ্গী সেতু, ১টি বাস ডিপো, দুই পাশে ২৪ কিলোমিটার ড্রেন ও ৫৬ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের শুরুর দিকে অনুমোদিত প্রাক্কলিত ব্যয় ছিল ২,০৩৯ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার টাকা। পরবর্তীতে পাঁচবার সময়সীমা বাড়ানোর পাশাপাশি প্রকল্পের ব্যয় বাড়ে দ্বিগুণেরও বেশি। তিন দপ্তরের যৌথ চেষ্টা ও তিন দফা ব্যয় সংশোধনের মাধ্যমে ব্যয় ১০৯ শতাংশ বাড়ানো হয়।

কিন্তু প্রকল্পের মূল উদ্দেশ্যÑ দ্রুতগতির বিশেষ বাসসেবা চালু করা সম্ভব হয়নি। উল্টো অসমাপ্ত নির্মাণকাজের দীর্ঘসূত্রতায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর, উত্তরা, টঙ্গী, আবদুল্লাহপুর ও গাজীপুর এলাকায় ক্রমাগত বেড়েছে যানজট, পথচারীদের ভোগান্তি ও পরিবহন খরচ। প্রতিদিন যেখানে ২৫ হাজার যাত্রী নির্বিঘ্নে পরিবহনের লক্ষ্য ছিল, সেখানে বর্তমানে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্মিত বিআরটি অবকাঠামো সরিয়ে সড়কটিকে ছয় লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তাসলিমা আহমেদ পলির (সোমবার) ১৯ অক্টোবর স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়।

ইতোমধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এই অবকাঠামো অপসারণের জন্য ৪৫ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি সড়কটি প্রশস্ত করার জন্য চাওয়া হয়েছে আরও ২৭ কোটি টাকা; অর্থাৎ সব মিলিয়ে অতিরিক্ত খরচ হবে ৭২ কোটি টাকা। অথচ সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্মিত ৯৯ কোটি টাকার স্টেশনগুলো ভেঙে মালামাল বিক্রি করে পাওয়া যাবে মাত্র ৭ কোটি টাকার।

প্রকল্পটি ভেঙে ফেলার এই সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

গাজীপুর সদরের ‘ইনসাফ প্রোপার্টিজ’-এর স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম ভূইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাজার কোটি টাকা ব্যয় করে বিআরটি প্রকল্পটি নির্মাণ করতেই লেগে গেল ১৪ বছর। এখন আবার শুনছি শত কোটি টাকা ব্যয় করে তা অপসারণ করা হবে। এই ভাঙা-গড়ার খেলায় বলির পাঁঠা শুধু আমরা আমজনতারাই”।

অন্যদিকে গাছা এলাকার বাসিন্দা আলমাস কবীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিআরটি প্রকল্পের নির্মাণকাজের সময় বিভিন্ন দুর্ঘটনায় সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। এখন আবার এসব বিশালাকার অবকাঠামো ভাঙতে গিয়ে কতজনের জীবন যায়, তা আল্লাহই ভালো জানেন”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা