নারায়ণগঞ্জ(সোনারগাঁ)প্রতিবেদক
প্রকাশ : ১০ মিনিট আগে
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজমিজি তেরা মার্কেটের সামনে রনি (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে রনির শরীরের বিভিন্ন
স্থানে গুরুতর জখম হয়। বিশেষ করে তার পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে
স্থানীয়দের দাবি। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহতের
সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে তার নাম রনি বলে শনাক্ত করা
হয়।
ঘটনার পর পরই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আলামিন
নামে এক ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, আলামিনকে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার
দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাতের কথা
স্বীকার করেন বলে জানান আটক আলামিন। তার ভাষ্য অনুযায়ী, দু-এক দিন আগে রনির সঙ্গে আলামিনের
ঝগড়া হয়েছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
স্থানীয়রা আরও জানান, আলামিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল
আলীর ছেলে। তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান,
মিজমিজি তেরা মার্কেটের সামনে রনি নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় আলামিন নামে
একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন
রয়েছে।