গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ৮ মিনিট আগে
আপডেট : ৪ মিনিট আগে
গাজীপুরে মৌচাক এলাকায় পোশাক শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরে মৌচাক এলাকায় পোশাক শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কিছু সময়ের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। রবিবার (১৫ নভেম্বর) সকাল পৌণে ৯টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক (তেলিরচালা) এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। সাড়ে ৮টার পর মৌচাকের তেলিরচালা এলাকায় লেভেন্ডা পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন। তারা কাজে যোগদান না দিয়ে হঠাৎ করে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার চেষ্টা করেন।

পরে তারা প্রায় আধা ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরে যেতে বললে বিক্ষোভকারী শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে সকাল ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ সক্রিয় থাকায় শ্রমিকরা সরে যান। বর্তমানে সড়ক স্বাভাবিক।