ছয় দশকের অপেক্ষা
আক্তার হোসেন সুমন, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
প্রকাশ : ২০ মিনিট আগে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর ওপর কাঠের ব্রিজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বয়সের ভার পড়েছে শরীরে। হাতে লাঠি। প্রতিটি পদক্ষেপেই কষ্টের ছাপ। তবুও প্রয়োজনের তাগিদে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর ওপর কাঠের ব্রিজ দিয়েই চলাচল করতে হয় সুনাফর আলীকে। প্রায় ছয় দশক ধরে এই নদীর ওপর একটি স্থায়ী ব্রিজের অপেক্ষায় রয়েছেন তিনি।
সময় বদলেছে। দেশের নানা প্রান্তে উন্নয়নের ছোঁয়া লেগেছে। কিন্তু বদলায়নি তাদের দুর্ভোগ। নির্বাচন এলেই জনপ্রতিনিধিদের কাছ থেকে ব্রিজ নির্মাণের আশ্বাস মেলে। তবে নির্বাচন শেষে সেই আশ্বাস আর বাস্তবে রূপ নেয় না। এমন আক্ষেপই তার।
সুনাফর আলীর মতো একই দুর্ভোগের শিকার তিন গ্রামের অর্ধ লক্ষ মানুষ। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর, নন্দিগ্রাম ও সোনাপুর গ্রামের কয়েক হাজার মানুষের কাঠের ব্রিজই তাদের একমাত্র ভরসা। একটি স্থায়ী পাকা ব্রিজ না থাকায় পুরো এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন ৬০ বছর ধরে।
শুকনো মৌসুমে নদীর পানি কমে এলে গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে কাঠ দিয়ে ব্রিজ তৈরি করেন। আর বর্ষা মৌসুমে নদীতে পানি বেড়ে গেলে নৌকা কিংবা বিকল্প পথে প্রায় ৫-৬ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যেতে হয় তাদের। এতে সময় ও টাকা দুটোই অতিরিক্ত ব্যয় হয়, পাশাপাশি জরুরি প্রয়োজনে পড়তে হয় চরম বিপাকে।
বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও অসুস্থ রোগীদের জন্য এই নদী পারাপার বড় ধরনের দুর্ভোগের কারণ। ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায়।
নুরপুর গ্রামের বাসিন্দা নুর উদ্দিন বলেন, দোয়ারাবাজার উপজেলা বা বিভাগীয় শহর সিলেটে সবচেয়ে সহজে যাতায়াতের মাধ্যম কাঠের এই ব্রিজ। প্রতিদিন নানা প্রয়োজনে আমাদের উপজেলা সদরে যেতে হয়। কিন্তু একটি অস্থায়ী ব্রিজের ওপর নির্ভর করেই চলাচল করতে হচ্ছে পুরো এলাকাবাসীকে । দ্রুত এখানে পাকা ব্রিজ নির্মাণ করা হলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

স্থানীয় জাফর আলী বলেন, সুরমা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া খাসিয়ামারা নদীর ওপর পাকা ব্রিজ নির্মাণ আমাদের দীর্ঘদিনের দাবি। এই রাস্তা দিয়ে অল্প সময়েই উপজেলা সদরে পৌঁছানো সম্ভব। কম সময়ে উপজেলায় পৌঁছানোর জন্য আমরা এলাকাবাসী মিলে স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে কাঠের ব্রিজ নির্মাণ করি। এবছরও এলাকাবাসীর প্রচেষ্টায় মানুষের চলাচলের ব্যবস্থা সচল রেখেছি। কিন্তু কাঠের ব্রিজ কোনো স্থায়ী সমাধান নয়। আমরা চাই এখানে একটি পাকা ব্রিজ নির্মাণ করা হোক।
এলাকাবাসীর মতে, খাসিয়ামারা নদীর ওপর একটি পাকা ব্রিজ হলে নুরপুর, নন্দিগ্রাম ও সোনাপুর গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। সহজ হবে উপজেলা সদরে যাতায়াত, জরুরি চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহন। একই সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।
দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান চান তিন গ্রামের মানুষ। তাদের প্রশ্ন, বছরের পর বছর একটি কাঠের সেতুর ওপর নির্ভর করে আর কতদিন চলতে হবে। জনদুর্ভোগ বিবেচনায় খাসিয়ামারা নদীর ওপর দ্রুত একটি স্থায়ী পাকা সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ চান তারা।
দোয়ারাবাজার উপজেলা এলজিইডির প্রকৌশলী আব্দুল হামিদ জানান, খাসিয়ামারা নদী ওপর ব্রিজ নির্মাণের জন্য প্রস্থাবনা পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত ফলাফল পাব।