× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলমডাঙ্গায় ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশ : ১৬ মিনিট আগে

আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের সোনাতনপুর গ্রামে জিকে ক্যানালের ওপর ভাঙা ব্রিজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের সোনাতনপুর গ্রামে জিকে ক্যানালের ওপর ভাঙা ব্রিজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের সোনাতনপুর গ্রামে জিকে ক্যানালের ওপর ব্রিজটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ১৫ গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। 

দীর্ঘদিন ধরে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও এখনো তা সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ভাঙা ব্রিজের ওপর দিয়ে চলাচল করছে ছোটবড়  যানবাহন ও পথচারী। বিশেষভাবে ভোগান্তিতে পড়েছেন কৃষক, শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৫ বছর আগে আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের সোনাতনপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া জিকে ক্যানালের ওপর ব্রিজটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এটি নির্মাণের পর থেকে সোনাতনপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু দীর্ঘদিনের ব্যবহারে এটি জরাজীর্ণ হয়ে পড়ে। একপর্যায়ে ২০২৪ সালের জুন মাসে এটি ভেঙে যায়। এরপর প্রায় দুই বছর ধরে ঝুঁকি নিয়েই ব্রিজটির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।

ব্রিজটি ভেঙে পড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আশপাশের ১৫ গ্রামের বাসিন্দারা। প্রয়োজনীয় কাজে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা শহরে যাতায়াত করতে তাদের এখন বিকল্প পথে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার অতিরিক্ত ঘুরতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হচ্ছে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে তাদের মাথা ব্যথা আছে বলেও মনে হয় না। জীবিকার টানে বাধ্য হয়েই মানুষ এর ওপর দিয়ে চলাচল করছেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সোনাতনপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ব্রিজটি এখন ব্যবহারের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজের ওপর দিয়ে চলাচল করছে। ভ্যানসহ বিভিন্ন যানবাহন এবং সাধারণ মানুষ প্রতিদিনই এই পথ ব্যবহার করছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

একই এলাকার বাসিন্দা ফজলুর রহমান বলেন, প্রায় দুই বছর আগে এটি ভেঙে পড়েছে। কিন্তু এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ব্রিজটির ওপর দিয়ে কৃষিপণ্য পরিবহন করতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি শিশু শিক্ষার্থীদের চলাচলও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা অজিবার জানান, প্রতিদিন এই ব্রিজ দিয়ে প্রায় ১২০টি যানবাহন চলাচল করে। এটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই পণ্যবহনকারীভ্যান, পাখিভ্যান ও আলমসাধুর চালকদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। বিকল্প পথ ব্যবহার করতে হলে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হয়। ফলে বাধ্য হয়েই চালকেরা ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার করছেন। দ্রুত এটি সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ বলেন, আলমডাঙ্গা উপজেলায় জিকে প্রকল্পের আওতাধীন সোনাতনপুর গ্রামের ব্রিজটি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এটি মেরামতের জন্য প্রয়োজনীয় চাহিদা পাঠানো হয়েছে। আগামী অর্থবছরে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে ব্রিজটি মেরামতের ব্যবস্থা করা সম্ভব হবে। এবিষয়ে আলমডাঙ্গা উপজেলা ইউএনও শাহিনুর শাহীনুর আক্তার বলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে ব্রিজটি ভেঙে পড়ে থাকায় জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে। স্থানীয়দের দাবি, আগামী অর্থবছরের বরাদ্দের অপেক্ষায় না রেখে জরুরি ভিত্তিতে এটি পুনর্নির্মাণের উদ্যোগ নিতে হবে। তাদের মতে, ১৫ গ্রামের কয়েক হাজার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত ব্রিজটি মেরামত বা নতুন করে নির্মাণ করা এখন সময়ের দাবি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা