রংপুর অফিস
প্রকাশ : ২৩ মিনিট আগে
আপডেট : ৩ মিনিট আগে
জব্দ সায়মন এক্সক্লুসিভ পরিবহন। চলন্ত এই বাসটি থেকে দুজনকে ফেলে দিয়ে হত্যা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভাড়া নিয়ে বিরোধের জেরে রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। নিহত দুজন হলেনÑ নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)। এ তথ্য নিশ্চিত করেছেন, তারাগঞ্জ উপজেলা ইউএনও মোনাববর হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়িতে ফিরছিলেন মুকুল ও শাকিব। একই এলাকার ছয়জন ওই বাসের যাত্রী ছিলেন।

পথে তাদের সঙ্গে স্টাফদের বাকবিতণ্ডা হয়। তারাগঞ্জে পৌঁছালে আতিক নামের একজনকে বাসে আটকে রেখে অন্যদের নামিয়ে দেয়। পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে উঠলে তাদের সঙ্গে বাসের লোকজনের তর্ক বাঁধে। একপর্যায়ে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় বাসের স্টাফ লাথি মেরে মুকুল ও শাকিবকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয় ও শাকিবকে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণাকরেন।
এদিকে ওই বাসে আটকে থাকা আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসে থাকা যাত্রীরা চিকলী এলাকায় বাসটি আটকিয়ে পুলিশে খবর দেয়। পরে বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ।
নিহত মুকুল ও শাকিবের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীতউদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
তারাগঞ্জ উপজেলা ইউএনও মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।