জামালপুর সাংস্কৃতিক পল্লী
সজল জামান, জামালপুর
প্রকাশ : ১৩ মিনিট আগে
জামালপুর সাংস্কৃতিক পল্লী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
উন্নয়নের নামে ব্যয় হয়েছে প্রায় ২২৯ কোটি টাকা, নির্মিত হয়েছে আধুনিক সব স্থাপনা। কিন্তু জনগণের প্রাপ্তির ঝুলিতে এখনও শূন্য। স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ ও বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে জামালপুরে গড়ে তোলা সাংস্কৃতিক পল্লী আজ কার্যত প্রাণহীন। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল না মেলায় প্রশ্ন উঠেছে এর বাস্তব উপযোগিতা ও জনস্বার্থে ব্যবহার নিয়ে।
প্রকল্প সূত্রে জানা যায়, জামালপুর শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী মোড়ে প্রায় ৮ একর জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী, যা ২৪-এর গণঅভ্যুত্থানের পর জামালপুর সাংস্কৃতিক পল্লী নামকরণ হয়। এলজিইডির তত্ত্বাবধানে বাস্তবায়িত এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ১২৬ কোটি ৬০ লাখ টাকা। পরবর্তীতে প্রকল্পের ব্যয় বাড়িয়ে প্রায় ২২৯ কোটি ৩৭ লাখ টাকা নির্ধারণ করা হয়। প্রকল্পটিতে ১০ তলাবিশিষ্ট ভবন, ২০ হাজার বর্গফুটের ভূগর্ভস্থ মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জাদুঘর, কেন্দ্রীয় শহীদ মিনার, মুক্তমঞ্চ, নাট্যশালা, ৯-ডি থিয়েটার, এইচডি সিনেপ্লেক্স, কৃত্রিম লেক, পেডেল বোট, ওয়াটার ফাউন্টেইন, ওয়াকওয়ে, রেস্তোরাঁ, নাগরদোলাসহ ছিল নানা বিনোদনমূলক আয়োজন। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের জন্য কক্ষ এবং দূর-দূরান্ত থেকে আসা শিল্পীদের আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।
জেলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং বিনোদনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাস্তবায়িত এই প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও এর প্রতিটি স্থাপনার কার্যকারিতাসহ স্থানীয় সংস্কৃতিতে এর অবদান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
শহরের দয়াময়ী মোড় এলাকার বাসিন্দা রায়হান জানান, এটা অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু সাধারণ মানুষ যদি এর প্রকৃত সুবিধা না পায় তাহলে এ বিনিয়োগের সার্থকতা কোথায়। আমরা চাই, এখানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের ব্যবস্থা থাকুক।
আল-আমিন নামের এক সাংস্কৃতিককর্মী বলেন, “আমরা তরুণরা এমন একটি জায়গা চেয়েছিলাম, যেখানে নিয়মিত সাংস্কৃতিক চর্চা, নাটক, সংগীত ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিতে পারব। কিন্তু শুধু ভবন ও আধুনিক স্থাপনা থাকলেই হবে না, সেগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে”।
জামালপুর নাগরিক ভয়েসের সভাপতি কাফি পারভেজ বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্প কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কৃতিত্ব প্রদর্শনের মাধ্যম হতে পারে না। তাই জনগণের অর্থে নির্মিত স্থাপনার সুফলও জনগণের কাছে পৌঁছাতে হবে”।
জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলেন, “আমি নতুন যোগদান করেছি, এ বিষয়ে আমার তেমন কিছু জানা নেই”।