টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১১ মিনিট আগে
সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপি সমর্থকদের দোকানপাটে হামলার ঘটনা ঘটেছে।
শনিবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে উপজেলার বর্নি ইউনিয়নের মধ্যেপাড়া বিশ্বাসবাড়ি এলাকা থেকে একটি মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বর্নি বাজারে পৌঁছালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়। পাশাপাশি বর্নি এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টাঙানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।
এরপর রাত ৮টার দিকে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সড়ক অবরোধ করে বাজারের বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিএনপি সমর্থিত কয়েকজনের দোকানপাটেও ভাঙচুরের ঘটনা ঘটে।
সবশেষ রাত ১০টার দিকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। একের পর এক এসব ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী বলেন, “বিকালে নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মিছিল বের করে বর্নি বাজারে এসে যুবদলের কার্যালয়টি ভাঙচুর করে। অফিসের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার-টেবিল ভাঙচুর করে তাণ্ডব চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা”।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা বলেন, “নিলফা বাজারের বিএনপি কার্যালয়, বর্নি বাজারের যুবদলের কার্যালয়সহ বিএনপি নেতাকর্মীদের কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত তাণ্ডব চালিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাদের কঠোর শাস্তির দাবি জানাই”।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, “টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।
ওসি আইয়ুব আলী বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিকাল থেকে রাত পর্যন্ত কয়েকটি মিছিল বের করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি”।