কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদঘাটন হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট, নাকি পরিকল্পিত নাশকতা- এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রবিবার। এতে আগুনের প্রকৃত কারণ জানা যেতে পারে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি শনিবার দ্বিতীয় দিনের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন দিন সময় দিয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী আজ তদন্তের শেষ দিন।
এর আগে, বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানান, বাড়ির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তবে ঘটনাস্থলে পেট্রোল বোমা ব্যবহারের প্রাথমিক কোনো আলামত পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাখ্যান করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। শুক্রবার বিকালে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন শেষে তারা বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের কারণ সম্পর্কে এমন মন্তব্য তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।
এদিকে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক তোজাম্মেল হক জানান, অগ্নিকাণ্ডের সময় বিদ্যুতের লাইন অক্ষত ছিল। পরীক্ষা করে বৈদ্যুতিক তার ও মিটারের ভেতরের সার্কিটে শর্টসার্কিটের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বাড়ির প্রধান সুইচের কার্টিজ ফিউজগুলোও অক্ষত ছিল।
সমিতির দৌলতপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মনোয়ারুল ইসলামও জানান, পরিদর্শনে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। মিটারের অবস্থান ছিল আগুন লাগার স্থানের বিপরীত পাশে।
তদন্ত কমিটির সদস্য ও কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিটি সমন্বিতভাবে প্রতিবেদন পেশ করবে।
উল্লেখ্য, এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে বাদী হয়ে মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়েছে।