× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন ঘিরে শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে। এরই মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন হাজারো শ্রমিক।

রবিবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কারখানা খোলা কিংবা কাজে যোগদানের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। ফলে একদিকে বেতন নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে কর্মসংস্থান হারানোর শঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা।

সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানার সামনে এমন পরিস্থিতি দেখা যায়। শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ছুটির নোটিশ পেয়ে ফিরে যেতে শুরু করেন।

কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন এবং সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানানো হয়েছে।

কয়েকজন পোশাকশ্রমিকের ভাষ্য, কাজ না করলে সংসার চালানো কঠিন। বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেছেন তারা। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দেওয়ায় এখন তাদের মূল প্রত্যাশা কারখানায় নিয়মিত কাজের পরিবেশ ফিরে আসা।

শ্রমিকদের অভিযোগ, প্রতিদিন কাজে যোগ দিতে এসে নতুন কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কখনও সাধারণ ছুটি, আবার কখনও অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেওয়া হচ্ছে।

এদিকে, শ্রমিক অসন্তোষের জেরে গত শনিবারও কালিয়াকৈরের চন্দ্রা-পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকদের অন্যতম দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষ বর্তমান ১২ হাজার ৫০০ টাকা থেকে মজুরি বাড়ানোর প্রস্তাব দেয়। এ বিষয়ে মালিকপক্ষকে পাল্টা প্রস্তাব দেওয়ার জন্য চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। 

এদিকে, শ্রমিক অসন্তোষের কারণে কারখানা বন্ধের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, উৎপাদন চালু রাখা সম্ভব না হলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হতে পারে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত বিভিন্ন শিল্পাঞ্চলে ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। 

গাজীপুর শিল্প পুলিশের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলন, কারখানায় হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক নয়। নতুন করে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে পৌঁছায়নি।

তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা