× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে বাড়ির সামনে পুতুল, সঙ্গে আরবি লেখা কাপড় ও ফুল

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মিনিট আগে

কুড়িগ্রামে বাড়ির সামনে পুতুল, সঙ্গে আরবি লেখা কাপড় ও ফুল

কুড়িগ্রামের রাজারহাটে একটি বাড়ির প্রধান ফটকের সামনে মানুষের আদলে তৈরি রহস্যজনক পুতুল ও বিভিন্ন সামগ্রী পড়ে থাকতে দেখা গেছে। সাদা কাপড়ে তৈরি পুতুলটির হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে লাল কাপড় প্যাঁচানো ছিল। মুখমণ্ডলে আঁকা ছিল মানুষের মুখ। পুতুলটির চারপাশে সাদা চক দিয়ে আঁকা তারকা চিহ্নের পাশাপাশি পাওয়া যায় আরবি লেখা কাপড়, কলার মোচা, আলু ও জবাফুলসহ বিভিন্ন সামগ্রী। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে।

উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারি গ্রামের মরহুম আব্দুল হাইয়ের বাড়ির প্রধান গেটের সামনে শনিবার ভোর ৫টার দিকে এসব সামগ্রী দেখতে পান স্থানীয় মুসল্লি ইয়াকুব আলী। ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তার চোখে পড়ে পুতুলটি। পরে অন্য মুসল্লিদের জানালে তারাও ঘটনাস্থলে গিয়ে দেখেন। একপর্যায়ে তারা বাড়ির গৃহিণী আনোয়ারা বেওয়াকে ডেকে বিষয়টি জানান।

আনোয়ারা বেওয়া বলেন, “মুসল্লিরা ডাক দেওয়ার পর বাইরে এসে এমন দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যাই। পরে বাড়ির অন্য সদস্যদের ডেকে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই। একটু ভয়ও পেয়েছিলাম। আগে কখনও এমন ঘটনা দেখিনি।”

খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে মানুষের ভিড় জমে। স্থানীয়দের ধারণা, কাউকে ‘ক্ষতিগ্রস্ত’ করার উদ্দেশ্যে ‘কালোজাদুর’ জন্য এসব সামগ্রী রাখা হয়েছে। তবে কে বা কারা এগুলো রেখে যেতে পারে।

পরে স্থানীয়রা পুতুলটির সঙ্গে থাকা সামগ্রীগুলো খুলে দেখেন। পুতুলটি সাদা কাপড়ে পাঁচবার প্যাঁচানো ছিল। মাথা, দুই হাত ও দুই পায়ের অবস্থান চিহ্নিত করে আঁকা পাঁচটি তারকা চিহ্নের জায়গায় কলার মোচা কেটে পাঁচ ভাগ করে রাখা হয়েছিল। প্রতিটি অংশের ওপর ছিল জবাফুল। এ ছাড়া পুতুলের গায়ে আরবি লেখা কাপড়, আলু, পাটখড়ি ও ধানের খড় পাওয়া যায়। বাড়িতে প্রবেশের সিঁড়ির কাছেও একটি তারকা চিহ্ন আঁকা ছিল। পরে স্থানীয়রা পুতুল ও সামগ্রীগুলো সরিয়ে ফেলেন।

স্থানীয়দের কেউ ঘটনাটিকে ‘কালোজাদু’র সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করছেন, আবার কেউ মনে করছেন, কাউকে ভয় দেখানো বা হয়রানি করতেই এমনটি করা হতে পারে।

স্থানীয়দের ভাষ্য, ঘটনাস্থলে প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষের সমাগম হয়।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, “এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা