হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ : ১৯ মিনিট আগে
সাইকেল চালিয়ে চার দিনে প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন কুড়িগ্রামের দুই কলেজ শিক্ষার্থী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাদকমুক্ত সমাজ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাইকেল চালিয়ে চার দিনে প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন কুড়িগ্রামের দুই কলেজ শিক্ষার্থী।
দীর্ঘ এই যাত্রায় পথে পথে মাদকবিরোধী সচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক কল্যাণের বার্তা ছড়িয়েছেন তারা।
ব্যতিক্রমী এই অভিযানে অংশ নেওয়া দুই শিক্ষার্থী মাহামুদুল হাসান মারুফ ও শাহাদাত আলী সৌমিক। এর মধ্যে মারুফ কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে সৌমিক কুড়িগ্রাম সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণিতে পড়েন। কুড়িগ্রাম সদর থেকে যাত্রা শুরু করে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন পথ পাড়ি দিয়ে তারা পৌঁছান পটুয়াখালীর কুয়াকাটায়।
জানা গেছে, গত ৩ নভেম্বর শুরু হয় তাদের এই সাইক্লিং অভিযান। প্রথম দিন কুড়িগ্রাম সদর থেকে চিলমারী, রৌমারী ও জামালপুর হয়ে শেরপুর পর্যন্ত ১৬৫ কিলোমিটার পথ পাড়ি দেন তারা। দ্বিতীয় দিন শেরপুর থেকে ময়মনসিংহ ও গাজীপুর হয়ে পৌঁছান ঢাকায়। এদিন অতিক্রম করেন ১৭৫ কিলোমিটার।
তৃতীয় দিন ঢাকা থেকে মাওয়া হয়ে ১৩৬ কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছান মাদারীপুরে। শেষ দিন মাদারীপুর থেকে ঝালকাঠি, বরিশাল ও পটুয়াখালী হয়ে সর্বশেষ কুয়াকাটায় পৌঁছান তারা। এদিন পাড়ি দেন ১৯৭ কিলোমিটার পথ। চার দিনে সব মিলিয়ে তাদের অতিক্রম করা দূরত্ব ৬৭৩ কিলোমিটার।
দীর্ঘ এই যাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কে পথচারীদের সঙ্গে কথা বলেন দুই শিক্ষার্থী। বিতরণ করেন মাদকবিরোধী লিফলেট। পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান এবং বিভিন্ন সামাজিক বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেন।
মারুফ ও সৌমিক জানান, তাদের এই যাত্রা শুধু সাইক্লিং নয়, বরং মাদকমুক্ত, সবুজ ও সচেতন বাংলাদেশ গড়ার ক্ষুদ্র প্রচেষ্টা। তাদের উদ্যোগে একজন মানুষও যদি মাদক থেকে দূরে থাকার অনুপ্রেরণা পান কিংবা একটি গাছ লাগাতে উৎসাহিত হন, তাহলেই এই অভিযান সার্থক।