বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে শিরিন (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে শিরিন (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। তিনি ওই বিভাগেই চিকিৎসাধীন ছিলেন।
নিহত শিরিন বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার সুলাইমান আলীর স্ত্রী।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মাথাব্যথা ও জ্বর নিয়ে শিরিনকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলায় ভর্তি করা হয়। শনিবার ওই তলার একটি জানালা দিয়ে তিনি নিচে পড়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, জানালাটিতে কোনো গ্রিল ছিল না। পরে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, তিনি ছুটিতে রয়েছেন। এক নারী ছয়তলা থেকে পড়ে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
শজিমেক হাসপাতালের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, “জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”