× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দাদা-দাদি আটক

বগুড়া অফিস

প্রকাশ : ১০ মিনিট আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার নারুলী এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রাহুলের দাদা ও দাদিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

শনিবার বিকালে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্তের দাদার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেল ৪টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাহুলের দাদার বাড়িতে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তার দাদি রহিমা বেগম বেলি (৬৫) ও দাদা লুৎফর রহমান লুদুকে (৭০) আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় বাসিন্দা তহমিনা আক্তার লিলির অভিযোগ, ঘটনার বিচার চাইতে গেলে উল্টো তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন সময় তাদের ভয়ভীতি দেখানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলরের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় বাসিন্দা ইলিয়াছ উদ্দিন বলেন, “ছোট একটি শিশুর সঙ্গে এমন ঘটনা মেনে নেওয়ার মতো নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

শিশুটির বাবা জানান, গত ১৬ অক্টোবর তাদের পরিবারের দুটি এবং শিশুটির দাদির দুটি মুঠোফোন চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাহুলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে রাহুল ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়।

তিনি আরও বলেন, শনিবার বিকেলে মেয়েকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রাহুলের দাদার বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, “শনিবার বিকেলে মুঠোফোনে শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পান তারা। পরে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”

ওসি আরও বলেন,” পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেছে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা