মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১১ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জে অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ২৫০টি সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৭৪টি ক্যামেরা স্থাপনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে।
একই সঙ্গে আগামী তিন বছরের মধ্যে দেশে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন, পর্যায়ক্রমে সব কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা এবং হাওরাঞ্চলে নৌ-অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
শনিবার কিশোরগঞ্জে পৃথক কয়েকটি অনুষ্ঠানে বক্তব্য ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব পরিকল্পনার কথা জানান তিনি।
কিশোরগঞ্জ সদর মডেল থানায় সিসি ক্যামেরা ও সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এসব অপরাধে নিজ দলের কোনো নেতাকর্মী জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধীর রাজনৈতিক বা পারিবারিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের মূল অঙ্গীকার দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনা। চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসক সোহানা নাসরিন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঞাসহ পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে দেশে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে।
তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে কার্যালয়ের নিজস্ব চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। সংশ্লিষ্টদের হিসাবে, প্রকল্পটি চালু হওয়ায় কার্যালয়ের বিদ্যুৎ ব্যয় আগের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এতে প্রতি মাসে গড়ে প্রায় তিন লাখ টাকা সাশ্রয় হচ্ছে। সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে সহজ শর্তে ঋণ এবং যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানিতে বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি।
হাওরাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে কিশোরগঞ্জে একটি নৌ-অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলীর প্রত্যন্ত এলাকার মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অন্যদিকে, কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ কার্ডের মাধ্যমে একজন কৃষক বছরে প্রায় আড়াই হাজার টাকার কৃষি সহায়তা পাবেন। বীজ, সার ও কীটনাশক কেনা, কৃষিযন্ত্র সংগ্রহ, ঋণ গ্রহণ এবং আবহাওয়ার পূর্বাভাসসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। চলতি অর্থবছরে প্রায় ৪০ লাখ কৃষককে কার্ডের আওতায় আনতে জরিপ চলছে। আগামী সাড়ে চার বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার ২০০ কৃষকের মধ্যে সরিষা, চিনাবাদাম ও মুগের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
এ ছাড়া বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে ৬ কিলোমিটার সচেতনতামূলক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭টায় জেলা ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ আয়োজনে শিশু-কিশোর, তরুণসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার প্রায় ৭০০ প্রতিযোগী অংশ নেন। ম্যারাথনটি বড়পুল এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ১০ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা এবং ট্রফি দেওয়া হয়। পরবর্তী ১০ জন বিজয়ীকেও ট্রফি দেওয়া হয়।