× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙচুর-দখলের অভিযোগে এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৯ মিনিট আগে

নুসরাত তাবাসসুম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নুসরাত তাবাসসুম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে।

বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগ এনে শনিবার মামলাটি করেছেন দৌলতপুরের মথুরাপুর ইউনিয়নের বাসিন্দা ইদ্রিস আলী। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। গতকাল সন্ধ্যায় তিনি বলেন, আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দৌলতপুর থানার উপ পরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী তদন্ত করবেন।

তবে নুসরাতের বাবা আবদুল হালিম বলেন, মামলার বিষয়টি জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তার অনেক মানুষের সাথে বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সে পলাতক বলে জানি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে বাড়ি নির্মাণ করেন ইদ্রিস আলী। পরে জমিটি দখলের চেষ্টা করেন আবদুল হালিম। এর জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর দেশীয় অস্ত্র নিয়ে সহযোগীদের সঙ্গে ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান আবদুল হালিম। এ সময় ঘরবাড়ি ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি এবং দেড় লাখ টাকার মালামাল লুট করা হয়।

এজাহারে ইদ্রিস আলী আরও অভিযোগ করেন, ঘটনার পর আবদুল হালিম তার বিরুদ্ধে পাল্টা মামলা করেন। ওই মামলায় কারাগারে যাওয়ার পর জামিনে মুক্ত হয়ে জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে তার জমি দখল করা হয়েছে। অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি পেয়ে তিনি পরিবারসহ এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে আগুনের ঘটনায় করা মামলায়ও তাকে ও পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। নিরাপত্তাহীনতা ও ভয়ের কারণে এত দিন মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেছেন তিনি।

বাদী ইদ্রিস আলী বলেন, আবদুল হালিমের ভাইদের কাছ থেকে আমি জমি কিনেছিলাম। কেনা জমিটি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। মূলত সেই ঘটনার জন্যই থানায় মামলা করেছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার উপ পরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী জানান, তাকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা