ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৬ মিনিট আগে
ক্ষেতলালে ২০০ বছরের জামাই মেলার প্রধান আকর্ষণ লাঠিখেলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মেলার নাম পক্কি তলার মেলা। তবে স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘জামাই মেলা’ নামে। প্রায় ২০০ বছরের পুরোনো এ মেলাকে ঘিরে প্রতিবছর উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আইমাপুর গ্রামে। মেলা উপলক্ষে গ্রামের প্রতিটি বাড়িতে চলে বিশেষ আয়োজন। দাওয়াত দেওয়া হয় গ্রামের সব জামাইকে। আত্মীয়স্বজনের আগমন, অতিথি আপ্যায়ন, ঐতিহ্যবাহী লাঠিখেলা ও নানা আয়োজন মিলিয়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো গ্রাম।
বংশপরম্পরায় চলে আসা এ মেলা গ্রামবাসীর কাছে কেবল বার্ষিক আয়োজন নয়, বরং শেকড় ও আত্মীয়তার বন্ধন ধরে রাখার এক উপলক্ষ। বছরের এই বিশেষ দিনটির অপেক্ষায় থাকেন গ্রামের মানুষ। মেলাকে কেন্দ্র করে দূরে থাকা আত্মীয়স্বজনও ছুটে আসেন নিজ গ্রামে। জামাইদের দাওয়াত, বাড়িতে বাড়িতে অতিথি আপ্যায়ন আর সবার সম্মিলিত অংশগ্রহণে তৈরি হয় এক ভিন্নধর্মী সামাজিক মিলনমেলা।
মেলার অন্যতম প্রধান আকর্ষণ গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। সকাল থেকেই ঢাকের তালে তালে শুরু হয় লাঠিয়ালদের কসরত। হাতে লাঠি নিয়ে খেলোয়াড়দের দ্রুতগতির নানা কৌশল ও শৈল্পিক প্রদর্শনী দেখতে উঠানগুলোতে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ।
লাঠিখেলা দেখতে আসা কয়েকজন দর্শনার্থী বলেন, মেলায় ঘুরতে এসে লাঠিখেলা দেখে তাদের ভালো লেগেছে। একসময় গ্রামবাংলায় বহুল প্রচলিত এ খেলা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। এমন আয়োজনের মাধ্যমে পুরোনো ঐতিহ্য আবারও দেখার সুযোগ হচ্ছে।
মেলার মাঠজুড়ে বসেছে নানা পণ্যের দোকান। মিঠাই-মিষ্টি, ঝুড়ি, জিলাপি ও প্রসাধনসামগ্রীর পাশাপাশি রয়েছে মাটির তৈরি তৈজসপত্র এবং কাঠের নিত্যব্যবহার্য জিনিসপত্র। এসব পণ্যের পসরা দেখতে ও কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। শিশু-কিশোরদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চড়কি ও নৌকাসহ বিভিন্ন আয়োজন।
মেলায় আসা জামাই নূর আলম বলেন, ‘আমার বিয়ের বয়স ছয় বছর। প্রতিবছর এই দিনে শ্বশুরবাড়ি থেকে দাওয়াত পাই। আমার মতো এ গ্রামের সব জামাইকে দাওয়াত দেওয়া হয়। আমরা সপরিবারে মেলায় ঘুরতে আসি। দিনটি খুব উৎসবমুখর হয়ে ওঠে।’
মেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, ‘আমাদের বাপ-দাদারা বংশপরম্পরায় এ মেলার আয়োজন করে আসছেন। এখন আমরা সেই ঐতিহ্য ধরে রেখেছি। মেলার সঠিক ইতিহাস বলা সম্ভব নয়। তবে প্রায় ২০০ বছর ধরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা উপলক্ষে দিনব্যাপী লাঠিখেলার আয়োজন করা হয়।’
এবার মেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় যুবসমাজ। দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণের পাশাপাশি রাতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। মেলাকে শুধু কেনাবেচা কিংবা ঐতিহ্যবাহী খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে সব বয়সী মানুষের বিনোদনের উপলক্ষ করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা অনিক বলেন, ‘আমাদের বাপ-চাচারা দীর্ঘদিন ধরে এ মেলার আয়োজন করে আসছেন। আমরা যুবসমাজ তাদের সহযোগিতা করি। মেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’
মেলায় দোকান নিয়ে এসেছেন মিষ্টি বিক্রেতা আঙ্গুর। তিনি বলেন, ‘সকাল থেকেই খুব ভালো বেচাকেনা হচ্ছে। আমরা প্রতিবছর এ মেলায় দোকান নিয়ে আসি। মেলায় মানুষের সমাগম ভালো হয়, তাই বেচাকেনাও ভালো হয়।’
দিনভর নানা আয়োজনের পর সন্ধ্যা নামতেই মেলায় যোগ হয় নতুন মাত্রা। রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তৈরি হয় বাড়তি উৎসাহ-উদ্দীপনা। গান ও বিভিন্ন পরিবেশনায় মেতে ওঠেন দর্শনার্থীরা। শিশু-কিশোর থেকে বয়স্ক—সব বয়সী মানুষের অংশগ্রহণে রাতেও প্রাণবন্ত থাকে মেলাপ্রাঙ্গণ।
প্রায় দুই শতাব্দীর পথচলায় আইমাপুরের পক্কি তলার মেলা আজও ধরে রেখেছে তার স্বতন্ত্র পরিচয়। এখানে একদিকে রয়েছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতির ছোঁয়া, অন্যদিকে আত্মীয়তার বন্ধন ও সামাজিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। বিশেষ করে জামাইদের ঘিরে গ্রামের মানুষের এ আয়োজন মেলাটিকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য।
আধুনিকতার প্রভাবে গ্রামীণ অনেক ঐতিহ্য যখন হারিয়ে যেতে বসেছে, তখন আইমাপুরের মানুষ পূর্বপুরুষদের স্মৃতি ও ঐতিহ্য আঁকড়ে ধরে রেখেছেন। বাপ-দাদার শুরু করা আয়োজন এগিয়ে নিচ্ছেন নতুন প্রজন্ম। তাই দুই শতাব্দী পেরিয়েও এ মেলার আবেদন কমেনি। বরং প্রতিবছর জামাইদের আগমন, লাঠিখেলার ছন্দ আর উৎসবের আমেজে নতুন করে প্রাণ ফিরে পায় আইমাপুর গ্রাম।