× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিকলীতে বিয়ের খাবার খেয়ে পল্লি চিকিৎসকের মৃত্যু, হাসপাতালে ৬০ অতিথি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৭ মিনিট আগে

আপডেট : ৯ মিনিট আগে

বিয়ের দাওয়াতের খাবার হাসপাতালে ৬০ অতিথি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিয়ের দাওয়াতের খাবার হাসপাতালে ৬০ অতিথি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের নিকলীতে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে ফখরুল আলম কিরণ (৫৩) নামের এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর ও কনেপক্ষের অন্তত ৬০ জন অতিথি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ শনিবার ভোরে বাজিতপুরের ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফখরুল আলমের মৃত্যু হয়। তিনি নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং পেশায় পল্লি চিকিৎসক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক অতিথির খাবারের আয়োজন করা হয়। জুমার নামাজের পর কনেপক্ষের এবং বিকেলে বরপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর রাত ১০টা থেকে ১২টার মধ্যে অতিথিদের অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। একপর্যায়ে অসুস্থ ব্যক্তির সংখ্যা বাড়তে থাকলে তাদের দ্রুত নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান ফখরুল আলম কিরণ।

কনের বাবা আরজু মিয়া বলেন, বিয়ের খাবার রান্নার জন্য ১৪ হাজার টাকায় এক বাবুর্চিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বাজার থেকে শুরু করে রান্নার পুরো দায়িত্বই ছিল ওই বাবুর্চির। খাবার পরিবেশনের পর রাত থেকেই অতিথিদের অসুস্থ হয়ে পড়ার খবর আসতে থাকে।

অনুষ্ঠানের অতিথি ফজলু মিয়া ও রহিম মিয়া জানান, খাবার খেয়ে আনন্দঘন পরিবেশের মধ্যেই রাত ১০টার পর থেকে একে একে সবাই অসুস্থ হতে থাকেন। সাধারণ অসুস্থতা মনে হলেও পরে অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পুরো অনুষ্ঠান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কী কারণে এমন ঘটনা ঘটল, তা দ্রুত তদন্তের দাবি জানান তারা।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পরমা দাস জানান, শুক্রবার রাত ১টা ২০ মিনিটে প্রথম অসুস্থ রোগী হাসপাতালে আসেন। শনিবার পর্যন্ত অর্ধশতাধিক তীব্র ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীর চাপ অতিরিক্ত বেড়ে যাওয়ায় হাসপাতালের ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছিল। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বাড়তি ওষুধ ও স্যালাইনের ব্যবস্থা করেন। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের খাবার খেয়ে অনেকের অসুস্থ হওয়ার পাশাপাশি একজনের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা